সিল্কসিটিনিউজ ডেস্ক:
জটিল সমীকরণে ঘুরপাক খাচ্ছে কুষ্টিয়া-২ আসনের (মিরপুর-ভেড়ামারা) রাজনীতি। জোট-মহাজোটের তিন কেন্দ্রীয় নেতা জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকনের বাড়ি এই নির্বাচনী এলাকায়।
এখানে দুই জোটেই দুই শরিক দলের প্রার্থীদের শক্ত অবস্থান। এবারের নির্বাচনে জেলার আলোচিত এই আসনে নৌকা-ধানের শীষ প্রতীকে দেখা যেতে পারে শরিক দলের প্রার্থীদের। মহাজোট ঠিক থাকলে বর্তমান এমপি হাসানুল হক ইনু এবারও মনোনয়ন পাচ্ছেন এটা দ্বিতীয়বার ভাবার সুযোগ নেই।

নৌকার মাঝি হিসেবে তাকেই পাচ্ছেন মিরপুর-ভেড়ামারাবাসী। অন্যদিকে এক সময়ে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এ আসনে সুবিধাজনক অবস্থানে আছেন ২০ দলের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় নেতা আহসান হাবিব লিংকন।
২০ দলীয় জোট থেকে জাতীয় পার্টিকে (কাজী জাফর) ৪টি আসন ছেড়ে দেয়া হলে সেই তালিকায় নাম থাকবে লিংকনের। দলের মধ্যে গ্র“পিং এবং দলীয় একাধিক প্রার্থী মাঠে থাকায় আসনটি জোটের প্রার্থীকে ছেড়ে দেয়ায় সুবিধাজনক হবে বলে মনে করছেন জেলা বিএনপির নেতারা। তাই দুই জোটের নেতাদের কাছে জেলার অন্যান্য আসনের থেকে এই আসনটি অধিক গুরুত্বপূর্ণ।
২০০৮ সালের নির্বাচনে জোটের স্বার্থে মাহবুবউল আলম হানিফ আসনটি ইনুকে ছেড়ে দেন। ওই নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে বিএনপি প্রার্থী শহিদুল ইসলামকে ৭১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ইনু।
নির্বাচনে ১৪ দলীয় জোট ক্ষমতায় এলে হানিফকে পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে এই আসন থেকে ইনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৪ দলীয় জোট ঠিকঠাক থাকলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে ইনুই হচ্ছেন নৌকার মাঝি। তবে এবার ইনুকে জিততে কঠিন বৈতনী পাড়ি দিতে হবে।
ক্ষমতাশীন জোটের দুই প্রভাবশালী নেতা ইনু ও হানিফ দুই মেরুতে অবস্থান করছেন। যার প্রভাব পড়েছে মিরপুর-ভেড়ামারার রাজনীতিতে। দুই দলের কোন্দল সংঘর্ষে রূপ নিয়েছে। ইনুকে আর ফাকা মাঠে গোল দিতে দেবে না বলে ঘোষণা দিয়ে রেখেছেন স্থানীয় আওয়ামী লীগ।
নির্বাচনের তিন মাস আগেই গুঞ্জন উঠেছে ইনুকে হারাতে বিরোধী প্রার্থীকে জিতিয়ে দিতে এবার দ্বিধা করবে না স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাই আগামী নির্বাচনে ইনুর জয়ের পথে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আওয়ামী লীগ।
জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন বলেন, বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে ১৪ দলীয় জোটগতভাবেই নির্বাচন করতে হবে। যারা প্রকৃত আওয়ামী লীগ করে তারা নৌকার প্রার্থীর পক্ষেই কাজ করবে। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করেন এই নেতা।
অন্যদিকে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন এই আসনের সাবেক নির্বাচিত সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে তার দলের রয়েছে শক্তিশালী কমিটি। এলাকায় তার নিজস্ব ভোট ব্যাংক ছাড়াও আছে কর্মী বাহিনী।
তিনি এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তাই এই অঞ্চলের মানুষের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। জোটের সম্ভব্য প্রার্থী হিসেবে তিনি দীর্ঘদিন মাঠে রয়েছেন। নিয়মিত এলাকায় সভা-সমাবেশ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
২০ দলীয় জোট থেকে জাতীয় পার্টিকে (কাজী জাফর) ৩ থেকে ৪ আসন ছেড়ে দেয়া হলে সেই তালিকায় আহসান হাবিব লিংকনের। নাম থাকবে এমনটা নিশ্চিত এই আসনে বিএনপির তিন প্রার্থী মাঠে রয়েছেন। তারা হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
এই তিন প্রার্থীই কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং এলাকায় গণসংযোগ করছেন। নির্বাচনে কেউ-কাউকে ছাড় দিতে নারাজ। এক প্রার্থীকে মনোনয়ন দিলে অন্য প্রার্থী দলের বিপক্ষে কাজ করবে এমনটায় মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
আবার জোটের অন্যতম শরিক জামায়াতের সঙ্গে বিএনপির সাবেক এমপি শহিদুল ইসলামের বিরোধ রয়েছে। স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এই দুই দলের মাঝে বিরোধ দেখা দেয়। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে হঠাৎ করে শহিদুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল হককে প্রার্থী করে জামায়াত প্রার্থীকে হারিয়ে দেন। তাই শহিদুল ইসলাম দলীয় মনোনয়ন পেলে স্থানীয় জামায়াত নেতারা তার বিপক্ষে অবস্থান নিতে পারেন।










