সিল্কসিটিনিউজ ডেস্ক:
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি চলছে। আজকের (বুধবার, ১২ সেপ্টেম্বর) অনশনের আগে আরও দুবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি, যার একটি কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে অন্যটি ঢাকা মহানগর নাট্যমঞ্চে পালন করেছে দলটি।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ প্রতীকী অনশনে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগহণ করেছেন। এতে বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

পূর্ব নির্ধারিত প্রতীকী অনশন কর্মসূচি সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত চলবে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে মৌখিক অনুমতি পায় বিএনপি।
সরেজমিনে দেখা যায়, প্রতীকী অনশন কর্মসূচি পালনের নির্ধারিত সময় সকাল ১০টা থেকে হলেও বিএনপির নেতাকর্মীরা সকাল ৯টা থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন প্লে কার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে সমবেত হন। এসময় খালেদা জিয়ার মুক্তি চেয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রতীকী অনশনের চত্বর মুখরিত করে তোলে।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে তার মুক্তির দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ, প্রতীকী অনশন, মানববন্ধন, কালো পতাকা প্রদর্শন, গণসাক্ষর অভিযান, বিভাগীয় শহরে জনসভা, কালোব্যাজ ধারণসহ নানান কর্মসূচি পালন করে আসছে।










