নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মহানগরীর বহরমপুর রেল ক্রসিংয়ের এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস বাড়িতে ঢুকে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহত বশির-রেশমার ছেলে রাশেদুল ইসলাম হৃদয় বাদী হয়ে রাজপাড়া থানায় একটি (মোটরযান দুর্ঘটনায়) হত্যা মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ সিল্কসিটি নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বহরমপুর রেল ক্রসিংয়ের এলাকায় বাস দুর্ঘটনায় নিহত বশিরের ছেলে গতকাল বুধবার সন্ধ্যায় থানায় এসে মামলা করেন। এ মামলায় গাড়ির ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আসামি করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরী রাজপাড়া থানার বহরমপুর রেল ক্রসিংয়ের এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস বাড়ির মধ্যে ঢুকে যায়। এতে ওই বাড়িতে ঘুমিয়ে থাকায় রেশমা বেগম (৩৮) ও তার স্বামী বশির উদ্দিন (৪০) ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হয় অন্তত ১৫জন।
দুর্ঘটনা ঘটনার প্রায় এক ঘন্টা পর অথাৎ রাত আড়াইটার দিকে প্রথমে বশির উদ্দিন ও পরে তার স্ত্রী রেশমার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। লাশ উদ্ধারের পর দেখা যায় রেশমার বাম হাত নেই। পরে গতকাল সন্ধ্যায় তার হাত উদ্ধার করা হয়।

স/আ









