সদ্য প্রকাশিত
রাজনীতি

অধরাই থাকছে গ্রামের মানুষের ফ্ল্যাটের স্বপ্ন

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৮৫ মিনিট পড়া
অধরাই থাকছে গ্রামের মানুষের ফ্ল্যাটের স্বপ্ন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বর্তমান সরকারের চলতি মেয়াদে যতগুলো নতুন, সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রামীণ জনগণকে ফ্ল্যাটে বসবাসের স্বাদ দেয়া। অর্থাৎ গ্রামে সমবায় ভিত্তিতে চারতলাবিশিষ্ট বাড়ি তৈরি করে গ্রামের সব মানুষকে এক স্থানে নিয়ে আসা।

এ লক্ষ্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানোন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধাসংবলিত বহুতল ভবনবিশিষ্ট ‘পল্লী জনপদ’ নির্মাণ নামের একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প হাতে নেয় সরকার। পরীক্ষামূলকভাবে প্রকল্পটি দেশের সাতটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। গত জুনে শেষ হয়ে গেছে এর মেয়াদ। কিন্তু চার বছরে হতাশাজনক অগ্রগতি বিরাজ করছে। ধীরগতির কারণে গ্রামের মানুষের ফ্ল্যাটে বসবাসের স্বপ্ন অধরাই থাকছে সরকারের এ মেয়াদে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাম্প্রতিক এক নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের প্রকল্পের প্রয়োজনীয়তা সর্বজন স্বীকৃত হলেও প্রকল্পটি কাক্সিক্ষত উন্নয়ন প্রদর্শনে ব্যর্থ হয়েছে। তাছাড়া যেটুকু কার্যক্রম হয়েছে সেখানে দেখা গেছে, তদারকির অভাব ও নানা অনিয়ম।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রোববার যুগান্তরকে বলেন, দেশে সমবায় বিষয়টি মানুষ বোঝে না। তাদের বোঝাতে সময় লাগছে। তাছাড়া এ দেশে নতুন উদ্যোগ বাস্তবায়ন করতে গেলে একটু সময় দিতেই হবে। যেমন : এক সময় ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ বিষয়ে মানুষ বুঝতে পারত না। এখন এটি সফল প্রকল্প। এ রকম যে কোনো কাজ নতুনভাবে শুরু করতে গেলে প্রথমদিকে এ রকমই হয়। তিনি জানান, এই কনসেপ্টটিই নতুন।

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের আওতায় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী ৭টি বিভাগে ৭টি স্কিম বাস্তবায়নের কথা। কিন্তু ৭টি স্কিমের মধ্যে চট্টগ্রাম ও বরিশালের জন্য জমি অধিগ্রহণ এবং খুলনা ও সিলেটে মোট ৪টি স্কিমের ভৌত অবকাঠামো নির্মাণের জন্য জমি প্রস্তুতির কাজ এখনও শুরু হয়নি। বাকি তিনটি গোপালগঞ্জ, বগুড়া ও রংপুর স্কিমে অবকাঠামো নির্মাণ কাজ শুরু হলেও কোথাও ভবনগুলো নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি।

বগুড়ায় সরেজমিন পরিদর্শনের সময় দেখা যায়, বর্তমানে ভবনের তৃতীয় তলার কাজ চলছে। কিন্তু নির্মাণ কাজ তদারকির জন্য কারিগরি জ্ঞানসম্পন্ন লোকের অপ্রতুলতা রয়েছে। প্রকল্পে ব্যবহৃত এমএস রড রেকর্ড এন্ট্রি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ইট, বালু, পাথর, সিমেন্ট ও রডের প্রয়োজনীয় সংখ্যক টেস্ট রিপোর্ট পাওয়া যায়নি। আরসিসি কাজে ব্যবহৃত খোয়ার প্রায় ৩০ শতাংশ ওভারসাইজ ও ডাস্ট মিশ্রিত।

ব্রিকস চিপসের বেশিরভাগই নিুমানের। বিম, কলাম ও সিঁড়িসহ আরসিসি কাজে গ্যাপ গ্রেডেড খোয়া, শাটারিং ওয়াটার টাইট না হওয়া এবং যথাযথ কমপেকশন না হওয়ায় হানিকম্ব দেখা গেছে। ফর্ম ওয়ার্ক যথাযথ না হওয়ায় সিঁড়ির শেপ সাইজ যথাযথ হয়নি।

আরসিসি কাজ যথাযথ কিউরিং করা হয়নি। অনেক ক্ষেত্রে কলাম ঢালাই এবং রডের এলাইনমেন্ট ঠিক নেই। কলামের রড অনেক ক্ষেত্রে আঁকাবাঁকা হয়ে গেছে। মেঝে ইটের সলিং করার জন্য মজুদ করা ১৮ হাজার ইটই নিুমানের। কাজের কারিগরি মান নিুমানের। এ ছাড়া রংপুরে তিন তলার কাজ চলছে। সেখানে প্রায় একই অবস্থা বিরাজ করছে। পরিদর্শনের সময় গোপালগঞ্জে ভবন-১-এর গ্রেড বিমের কাজ শেষ হয়েছে এবং কলাম নির্মাণের কাজ চলছে।

ভবন-২-এ বালু ভরাটের কাজ চলছে। এ ছাড়া অন্যান্য অনেক কাজই শুরু হয়নি। ডিপিপি অনুযায়ী, ভবন নির্মাণের কাজ ২০১৬ সালে শুরু হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। এর কারণ হিসেবে বলা হয়েছে, জমি নির্বাচন, অধিগ্রহণ এবং ক্রয়ে বিলম্ব, বিদ্যুৎ সংযোগ স্থাপনে দেরি, সর্বোপরি ঠিকাদারদের অবহেলার কারণে প্রকল্পের বাস্তবায়ন শুরু করতেই দেরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে উন্মুক্ত দরপত্রের বিধান থাকলেও কাজটি করা হয়েছে সরাসরি ক্রয় পদ্ধতিতে। নথি বিশ্লেষণ করে দেখা গেছে চারতলা আবাসিক ভবন এবং দুই তলা ভিতবিশিষ্ট ডেইরি/পোলট্রি শেড নির্মাণের জন্য বিএমটিএফকে একক কার্যাদেশ দেয়া হয়েছে। মোট ৭টি এলাকার প্রতিটিতে ৫০ কোটি টাকার বেশি মূল্যের প্রকিউরমেন্ট একক প্যাকেজভুক্ত করে কার্যাদেশ প্রদান ডিপিপি অনুযায়ী সঠিক হলেও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এসব কাজ ৭টি প্যাকেজের মাধ্যমে ডিপিপি তৈরি এবং সে অনুযায়ী উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কাজের কার্যাদেশ দেয়া উচিত ছিল। এ ক্ষেত্রে প্রকল্প অফিস ডিপিপির বিধান লঙ্ঘন করেছে। এর বাইরে একক সংস্থাকে কাজ দেয়া হলেও মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেয়া হয়নি। ২৯৬ কোটি টাকার প্যাকেজ পাস করা হয়েছে সিসিজিপির অনুমোদন ছাড়াই, যা প্রচলিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

এ বিষয়ে আইএমইডির সচিব মফিজুল ইসলাম যুগান্তরকে বলেন, প্রকল্পটি ভালো কিন্তু এর গতি বাড়ানো দরকার। আমরা বাস্তব অবস্থা তুলে ধরেছি। সাধারণত মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়ে সুপারিশের পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা আইএমইডিকে জানাতে বলা হয়। কিন্তু কেউ কেউ জানায়, আবার অনেক মন্ত্রণালয় জানায় না।

সূত্র জানায়, বাংলাদেশে কৃষিজমির পরিমাণ প্রতিনিয়ত বিভিন্ন কারণে কমছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পরিবারের বিভাজন জমির ভাগীদার বাড়িয়ে দেয়। ফলে জমির ক্ষুদ্রাতিক্ষুদ্র বিভাজনের জন্য আইল সৃষ্টি হয়।

এ ছাড়া রাস্তাঘাট, বসতবাড়ি, বাজার, অফিস আদালত, শিল্পকারখানা, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে কৃষিজমি হ্রাস পাচ্ছে। প্রতিবছর ১ শতাংশ হারে কৃষি জমি কমছে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ পরিপ্রেক্ষিতে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বল্পব্যয়ে সমবায়ভিত্তিক বহুতলবিশিষ্ট আবাসিক ‘পল্লী জনপদ’ প্রকল্পটি গ্রহণ করা হয়। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুনে

র মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে ৪২৪ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৭০ শতাংশ এবং বাকি ৩০ শতাংশ উপকারভোগীদের অর্থায়নের কথা। প্রকল্পটি যেসব জেলায় বাস্তবায়িত হচ্ছে সেসব জেলা হচ্ছে : বগুড়া, রংপুর, গোপালগঞ্জ, খুলনা, সিলেট, কক্সবাজার এবং বরিশালে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় পল্লী এলাকায় আধুনিক সুবিধাসংবলিত চারতলাবিশিষ্ট ২৮৮টি ফ্ল্যাট তৈরি করা হবে।

এ ছাড়া দ্বিতল ভিতবিশিষ্ট গরু, ছাগল, মুরগি ১০টি ডরমিটোরিবিশিষ্ট ৭টি শেড নির্মাণ, কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, সৌর প্যানেল স্থাপনসহ বিভিন্ন নাগরিক সুবিধা সৃষ্টি করা হবে।