নিজস্ব প্রতিবেদক:
একই মঞ্চে উপস্থিত শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ ও শিক্ষা সচিব সোহরাব হোসাইন। কিন্তু মন্ত্রী ও অন্যান্য অতিথিরাসহ সবাই যখন আলোচনার বিষয়বস্তু নিয়ে বক্তব্য দিতে আর শুনতে ব্যস্ত, তখন সচিব সোহরাব হোসাইন ঘুমাতে ব্যস্ত। কখনো আবার ঘুমচোখে ঝিমাচ্ছিলেন।

এমনই ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ কায়ছার মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গীবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন। পাশাপাশি দুটি চেয়ারে বসেও ছিলেন তারা। আর সেখানেই নিজের চোখের ঘুম সামাল দিতে পারেননি সচিব সোহরাব হোসাইন। আলোচনা সভায় অন্য বিশেষ অতিথিরা যখন বক্তব্য দিয়ে যাচ্ছিলেন, তখন শিক্ষাসচিব মাথা নিচ করে দুই চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন। এভাবে প্রায় পুরো আলোচনা সভাজুড়েই সচিব সোহরাব হোসাইন কখনো ঝিমাচ্ছিলেন আবার কখনো পুরো দস্তুর ঘুমিয়ে কাটাচ্ছিলেন।
দুপুর ১২টার দিকে শুরু হওয়া আলোচনা সভাট চলে দুপুর দুইটারও কিছু বেশি সময় ধরে। আর মাঝেকার এই সময়টুকু সচিব সোহরাব হোসাইনের বক্তব্য চলাকালিন ছাড়া অধিকাংশ সময় তিনি ঘুমিয়ে বা ঘুমচোখে কাটান মঞ্চে বসে।
কখনো কখনো তাকে চেয়ারে মাথা হেলান দিয়েও ঘুম পাড়তে দেখা যায়। এ নিয়ে ওই সভায় উপস্থিত অনেকের মাঝেই বিরুপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক শামসুল হুদা, রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মুনির হোসেন, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন প্রমুখ।
স/আর









