সদ্য প্রকাশিত
রাজনীতি

প্রকাশিত সংবাদে শিবিরের প্রতিবাদ

নিউজ ডেস্ক২ আগস্ট ২০১৮২ মিনিট পড়া
প্রকাশিত সংবাদে শিবিরের প্রতিবাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনকে উদ্ধৃত করে ‘জামায়াত-শিবিরের অস্ত্র আসে ভারত থেকে’ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

গত মঙ্গলবার (৩১ জুলাই) যুগান্তরের অনলাইন ভার্সনে প্রকাশিত ওই প্রতিবেদন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, প্রতিবেদনে ভারত থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জামায়াত-শিবিরের অস্ত্র আসে ভারত থেকে।

অথচ আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদনে জামায়াত-শিবিরের কোনো নামই উল্লেখ করা হয়নি। বরং অস্ত্র উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে স্পষ্টভাবে প্রতিবেদনে জামাত-উল-মুজাহিদিন নামের জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। অথচ এমন সুস্পষ্ট প্রতিবেদনকে চাতুরতার সঙ্গে জামায়াত-শিবিরের নামে চালিয়ে দিয়েছে।

এ জঘন্য অপকর্মটি শুধু ঘৃণ্য অপপ্রচারই নয় বরং সাংবাদিকতার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘনও। সাংবাদিকতা পেশার প্রতি নূন্যতম শ্রদ্ধাবোধ থাকলে যুগান্তর কর্তৃপক্ষ এমন নিকৃষ্ট মিথ্যাচার করতে পারত না।

যুগান্তরে প্রকাশিত ওই প্রতিবেদন দেশের স্বাধীনতা-সার্ভভৌমত্বের ওপর ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তারা।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার মূল উদ্দেশ্য হল জাতির সামনে সত্যকে উন্মোচিত করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু গণমাধ্যম সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়ে যেখানে সেখানে জামায়াত-শিবিরকে জড়িয়ে অপপ্রচার করাকে তাদের কুঅভ্যাসে পরিণত করেছে।

তারা মূলত সাংবাদিকতার লেবাসে বিদ্ধেষপূর্ণ দলীয় এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে। যা সাংবাদিকতার মহান পেশাকে কলুষিত করছে বলে বিবৃতিতে বলা হয়।