সদ্য প্রকাশিত
রাজনীতি

নগরবাসীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করব : সাদিক আবদুল্লাহ

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৮১ মিনিট পড়া
নগরবাসীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করব : সাদিক আবদুল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বরিশাল সিটি কর্পোরেশনের বিজয়ী মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, নগরবাসীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। বরিশালকে সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হবে। তবে এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে।

সোমবার দিবাগত রাতে চূড়ান্ত ফল ঘোষণায় বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সাদিক আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই জনগণ নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। এ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করছে। তাই সরকারের প্রতি মানুষের আস্থা রয়েছে।

নবনির্বাচিত নগরপিতা বলেন, কালের প্রবাহ ফিরিয়ে আনা হবে। প্রয়োজনীয় বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেয়া হবে। ড্রেনেজব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন করা হবে।

বরিশালে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ১০৭টি কেন্দ্রে এক লাখ ৭ হাজার ৩৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হচ্ছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। তিন সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ৮ লাখ ৮২ হাজার।