সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপিকে অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাত ধারা বাতিল করে এখন আপনাদের দল দুর্নীতিবাজ আর উন্মাদদের পুনর্বাসন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। আপনারা দয়া করে এই তকমা থেকে বেরিয়ে আসুন। আর কোটা আন্দোলনকারীদের ওপর ভর করে পরগাছার মতো টিকে থাকার চেষ্টা করেও কোনো লাভ হবে না।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ’ নামক এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ অনুরোধ করেন আওয়ামী লীগের এই নেতা।

‘বিএনপি তাদের গঠনতন্ত্রের সাত ধারা বাতিলের মাধ্যমে দুর্নীতিবাজ ও উন্মাদদের পূনর্বাসন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে’, মন্তব্য করে সাবেক এই বন ও পরিবেশ মন্ত্রী বলেন, ‘বিএনপি তাদের গঠনতন্ত্রের সাত ধারা বাতিল করে দিয়েছে। সেই সাত ধারায় ছিলো কোনো ব্যাক্তি দুর্নীতির দায়ে শাস্থি প্রাপ্ত হলে এবং কেউ যদি উম্মাদ হয় তিনি বিএনপির নেতৃত্বে থাকতে পারবেন না।’
‘প্রকৃতপক্ষে এখন বিএনপি তাদের গঠনতন্ত্রের সাত ধারা বাদ দেওয়ার মাধ্যমে দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্তদের যেমন নেতৃত্বে থাকার সুযোগ করে দিয়েছেন, তেমনি উম্মাদ ব্যাক্তিদেরও নেতৃত্বে থাকার সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ, বিএনপি এখন দুর্নীতিবাজ এবং উম্মাদদের পূনর্বাসন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে।’
জনগণের প্রতি অনুরোধ জানিয়ে হাসান মাহমুদ বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য কাউকে সুযোগ দেওয়া যাবে না। যারা পরিচয় গোপন করে সাধারণ নাগরিক ব্যানারে দাঁড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। যারা জামাত শিবিরের পরিচয় গোপন করে দেশকে অস্থিতিশীল করতে চায় এবং তাদের সহযোগী হিসেবে যারা আবির্ভূত হয় তাদেরকে প্রতিহত করতে হবে।’










