নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পিস্তল নিয়ে কাড়াকাড়ির ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, সোমবার বাইরে বেড়াতে যাওয়ার কথা বলে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামের ব্যবহৃত পিস্তল কর্মী অনিক মাহমুদ বনি নেয়। এরপর তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে সামান্য ঝামেলা হয়।

পরে মঙ্গলবার সন্ধ্যায় সাদ্দাম বনির কাছে তার অস্ত্র ফেরত চান। কিন্তু বনি তা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ড হয়। এসময় অস্ত্র নিয়ে তাদের দুজনের মধ্যে কাড়াকাড়িও হয়। অস্ত্র ফেরত না দেয়ায় সাদ্দাম বনিকে তার রুমে আটকে রাখতে গেলে বনি সাদ্দামের হাতে কামড় দিয়ে বেরিয়ে আসে। পরে আবারো সাদ্দাম তার অস্ত্র ফেরত চাইলে বনি তাকে গুলি করবে বলে হুমকি দিয়ে হল থেকে চলে যান। ঘটনার পর পরই হলে পুলিশ আসায় পরিস্থিতি স্বাভাবিক ছিল।
ঘটনার পর রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব হলে আসেন। ঘটনাটি তারা মীমাংসার চেষ্টা করলে বনি হলে না আসায় তা সম্ভব হয়নি।
- এদিকে অস্ত্রের বিষয়টি অস্বীকার করে বনি সিল্কসিটি নিউজকে বলেন, হলের ২০৫ নম্বর কক্ষে ছাত্রলীগের শিক্ষার্থী তোলার সামান্য এক ইস্যু নিয়ে সাদ্দাম আমাকে হুমকি দেয়। এসময় সে আমার সাথে থাকা ছাত্রলীগ নেতা জ্যাককে মারধর করে। এরই এক পর্যায়ে সাদ্দামের হাতে আঘাত লাগে।
- তবে সাদ্দাস পাল্টা অভিযোগ করে সিল্কসিটি নিউজকে বলেন, কিছু দিন আগে বনি আমার অস্ত্র চেয়ে নেয়। পরে আমি অস্ত্র ফেরত চাইলে সে আমাকে অস্ত্র না আমাকে গুলি করার জন্য প্রস্তুতি নেয়। এসময় তাকে ঠেকাতে গেলে সে আমার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে জানার জন্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ ছিলো।
স/অ









