সদ্য প্রকাশিত
শিল্প ও সাহিত্য

ফেরদৌসী প্রিয়ভাষিণী : উজান যাত্রীর কথা

নিউজ ডেস্ক১ এপ্রিল ২০১৮৬ মিনিট পড়া
ফেরদৌসী প্রিয়ভাষিণী : উজান যাত্রীর কথা

আমি মাতৃগর্ভে অপেক্ষা করছিলাম আড়াইশ বছরের পরাধীনতার অবসানে নতুন সূর্যদয়ের আশায়। জাতিসত্ত্বা ভুলে অস্তিত্বকে বিলিয়ে দিয়ে ধোয়াচ্ছন্ন মিথ্যা মোহনীয় ধর্মীয় ঐক্যের অবাস্তব স্বপ্নের বিভোরে সে অপেক্ষা। অবশেষে ১০ মাস ১০ দিনের অপেক্ষার পর পাকিস্তান সৃষ্টির কিছুদিন পূর্বে ১৪ ফেব্রুয়ারি ১৯৪৭ সালে আমি পৃথিবীতে আসি। সদ্যস্বাধীন দেশে আর সবার মত দেশ গড়ে ভাগ্য পরিবর্তনের সংগ্রামরত সময়ের মধ্য দিয়ে পরিবারের সাথে আমার বড় হয়ে ওঠা।

কখনো কি কেউ ভেবেছিলো ধর্মের নামে এই পাকিস্তানে, সাধের স্বাধীনতায় আমরা বাঙালিরা অন্ধকারাচ্ছন্ন অবরুদ্ধ জলাশয়ে দুর্ভাগ্যজনক ভাবে আটকা পড়েছি। আমরা সদ্য ভূমিষ্ঠ শিশুরা বেড়ে উঠছিলাম দাস হিসেবে, যারা পশ্চিম পাকিস্তানিদের কাছে ভোগ্যপণ্য ছাড়া অন্য কিছু ছিলাম না। আমাদের বেড়ে ওঠা নতুন  স্বপ্নের বিভোরে আটকে পড়া ভয়াবহ অন্ধকারাচ্ছন্ন পাশবিকতার জন্য প্রস্তুত হওয়ার মধ্য দিয়ে।

আমাদের জন্ম হয়েছিল রক্ত দেওয়ার জন্য, যেন আমরা রক্ত দেবতার উপাসক, আমাদের জন্ম হয়েছিল অস্বাভাবিক মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। যেন আমরা মৃত্যু দেবতার উপাসক; আমাদের দেবতা ছিল ধর্ষক, অগ্নিসংযোগকারী, লুটেরাজ। আমাদের সেই দেবতা মোহাম্মাদ আলী জিন্নাহর সৃষ্টি ভ্রান্ত পাকিস্তানের ৪৪% পশ্চিম অংশের জনগোষ্ঠী। আমরা ১৯৪৭ থেকে তৈরি হচ্ছিলাম মৃত্যুর জন্য, সম্ভ্রমহানীর জন্য, রক্তস্রোতে নাও ভাসিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য; সেই একাত্তরের জন্য, মহান একাত্তর, ভয়াবহ একাত্তর।

“দুর্বৃত্ত একাত্তর কেড়ে নিলো আমার মনের সকল ভালবাসা। এই সেই ভয়াবহ একাত্তর … ভয়াবহ যুদ্ধ প্রতিদিন কেড়ে নিচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন। একাত্তর হারিয়েছে সকল মানবতা, সকল নির্মমতা, সকল বিবেক”। ১

“যে একাত্তরে পাক হানাদারের লোলিহান জিহবার গনগনে আগুনে পুড়েছে আমার শরীর। আজও সেই সাপের বিষ লেগে আছে আমার সারা মুখে। যখনই চোখ বন্ধ করি একাত্তর ভেসে উঠে বলে স্মৃতিগুলো ঠিক তেমনই দুঃসহ। যুদ্ধের করাল গ্রাসে আমি ছিন্ন ভিন্ন হয়ে চলেছি। মান মর্যাদা সম্ভ্রম লুট হয়ে চলেছে। যত্রতত্র যখন তখন। আমি একা। ভীষণ একা। কখনো মৃত্যু এসে ভয় করে। মুহূর্তেই বেঁচে থাকার নির্লজ্জ বাসনা জাগে। শক্তি সাহস কিছুই নয়, সরাসরি যেন দানবের মুখোমুখি হয়ে মৃত্যুর সাথে কথা বলছি। জীবনের সাথে এই দর কষাকষি আর কতক্ষণ।“২

“দুঃখ ক্ষোভে মনে মনে বলি, এই কি তোমার সওয়াব? এই তোমার ধর্ম ?  কোথায় তোমার আল্লাহ ? হাজার হাজার নারীর সম্ভ্রম লুটে, গুম করে দিয়ে অসংখ্য নারী-পুরুষের জীবন, এই তোমার সওয়াব, কত মা, কত বাবা, কত মানুষ তোমাদের অত্যাচারের শিকার কে জানে? ভাবলাম যদি ধর্মের ভয়, তা হলে এসব কি হচ্ছে?”৩

“আমার মধ্যে ফুসে ওঠে আগুনের অনির্বাণ শিখা। প্রতিশোধ না নিতে পারা প্রতিকারহীন শক্তের অপরাধবোধ জাগে।“ ৪

“পাকি হানাদার শেষ করেছে এদেশের সম্পদ, মা-বোনের সম্ভ্রম। তাদের দোসররা গ্রাম কে গ্রাম পথ দেখিয়ে সকল সহযোগিতা প্রদান করেছে। এদেশের মানুষ তারা অথচ আনুগত্যহীন, বিশ্বাসঘাতক। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, মানবাধিকার লুন্ঠিত করে, যাবতীয় অপকীর্তির সহযোগিতা করেছে শত্রু বাহিনীকে। ধর্ম বেচে মানুষ হত্যা করে চলেছে।”৫

অথচ কত আদরের নিষ্পাপ শিশু হয়ে এ জগতে এসেছিলাম। কত স্বপ্ন বুনেছিলাম একটু একটু বড় হবার সময় গুলোতে। কত আশা নিয়ে ভবিষ্যতের রঙ্গিন জীবনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। কিন্তু সব কিছু কেমন হয়ে গেল! অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম মুক্তির জন্য।

“যতই বিমানের আওয়াজ পাই মনে হয় আমাদের মুক্তি সেনারা ক্রমেই এগিয়ে আসছে। একা একা মুক্তির আনন্দে ফেটে পড়ি। মনে হতে লাগল এই অপমান, অসম্মান এই সব কালরাত্রির কলঙ্কের শেষে অর্জিত স্বাধীনতার সাক্ষী হয়ে থাকব। কেউ জানুক আর না জানুক।”৬

অবশেষে ১৬ ডিসেম্বর ১৯৭১ বিজয় অর্জিত হয়েছে। বাংলার প্রতিবিন্দু মাটি আজ শহীদের রক্তে ধুয়ে মুছে পবিত্র। মাইলের পর মাইলে শুধুই লাশ আর লাশ। নয় মাসে ছিন্ন ভিন্ন বীভৎস শরীরের খন্ড-বিখন্ড অংশ- বিশেষ, আর কয়েক লক্ষ মা বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে, স্বজনহারা মানুষের চোখের জলের যোগফল এই স্বাধীনতা; আমার মহান স্বাধীনতা।

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ শেষে সবাই আনন্দে ঘরে ফিরে এলেও সমাজ আমাকে আবার আষ্টে-পৃষ্ঠে নিন্দার বেড়াজালে অবরুদ্ধ করে ফেলে। চরিত্রহীনের অপবাদ চাপানো হয় আমার উপর। আমি জানতাম আমি বাঙালি, আমি হারতে শিখিনি। সমাজ কখনো মানুষের চেয়ে বড় নয়। মানুষের জন্যই সমাজ; সমাজের জন্য মানুষ নই। আমি সংগ্রাম করেছি মানবতার জন্য, স্বাধীনতা সংগ্রামে সম্ভ্রম হারানো মায়ের জন্য-বোনের জন্য।

মহান স্বাধীনতা থেকে গেলো আক্ষরিক ভাবে অমীমাংসিত। পরাজিত শত্রুদের দোসরদের কালো ছায়া আবার নেমে আসলো লাল সবুজের মানচিত্রে। ১৯৭৫-এর ১৫ আগস্ট পরাজিত ঘাতকেরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করল। জেলখানাতে নির্বিচারে হত্যা করা হলো জাতীয় চার নেতাকে। বাংলাদেশ দখল হলো পাকিস্তানী শত্রু দ্বারা। এদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেল জামায়াত এবং রাজাকার, যারা মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে বিরোধিতা করে যুদ্ধাপরাধে লিপ্ত ছিল। বাঙালিত্বকে নিশ্চিত করে পুনরায় তারা পাকসারজমিন করার অপচেষ্টায় লিপ্ত।

একেকটা নতুন সূর্য একেকটা বিভীষিকা ছিল আমার জন্য। অথচ নতুন সূর্, মুক্ত আকাশের জন্য কতই না ব্যাকুল ছিলাম সর্বক্ষণ। নতুন সূর্যদয়ের প্রতীক্ষায় অপেক্ষা করার পর বার বার অন্ধকার নেমে এসেছে আমার উপর। কিন্তু থেমে যাই নি আমি। সহস্রবার দাঁড়িয়েছি স্রোতের বিপরীতে। যে বাংলার জন্য এতো কষ্ট ত্যাগ স্বীকার; কত জীবন; কত ধ্বংসলীলা মোকাবেলা করে এসেছি; যেই প্রিয় বাংলাকে তো নষ্টদের হাতে সঁপে দেওয়া যায় না। আবার রাস্তায় নেমেছি প্রতিবাদের অগ্নিমূর্তি ধারণ করে। আমি লক্ষ লক্ষ সন্তানদের নিয়ে একসাথে বিজয়ের হাসি হেসেছিলাম ১২ ডিসেম্বর ২০১৪ তে। যেদিন কসাই কাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়, সেদিন আমার দেশ পবিত্রতার পথে গুটি গুটি হাঁটতে শুরু করে।

আমি কেন এত কথা বলছি? কথা আমাকে বলতেই হবে। আমি তোমার মা, তোমার যে মা সম্ভ্রম দানের সময় করুণ যন্ত্রনার আত্মচিৎকারের পরেও হেসেছি অন্তত সন্তানের জন্য মুক্ত আকাশ রেখে যাব। আমি তোমার বোন। তুমি আমাকে তোমার মায়ের শাড়ির আঁচলের পরম মমতায় খুঁজে পাবে যেখানে ভালবাসা স্নেহ অনির্বাণ। আমার সম্ভ্রম, আমার ত্যাগ, আমার রক্ত তোমার পায়ের তলার মাটিকে পবিত্র করেছে যেখানে তুমি স্বাধীনভাবে নিরাপদে হাঁটতে পারো।

আমি তোমার মা ফেরদৌসী প্রিয়ভাষিণী। “আমি বীরাঙ্গনা। আমার চেতনায় মহান মুক্তিযুদ্ধ সাক্ষ্য, আমার গর্ব মহান মুক্তিযুদ্ধ।”৭

হে সন্তান আমার অসম্পূর্ণ চেতনার সংগ্রামের মশাল আজকে তোমার হাতে দিয়ে গেলাম। এই মহান সংগ্রামের দায়িত্ব কাধে নিয়ে বিজয়ের শেষ হাসি তোমাকে হাসতে হবেই ।

 

মতিউর রহমান (মর্তুজা)

সাবেক সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়

তথ্যসূত্রঃ

১.       ফেরদৌসী প্রিয়ভাষিণী, “নিন্দিত নন্দন”, শব্দশৈলী, ৩৮/৪ বাংলা বাজার, ঢাকা-১০০, পৃ. ১৩৩

২.       পূর্বোক্ত পৃ-১৩৭

৩.       পূর্বোক্ত পৃ-১৩৮

৪.       পূর্বোক্ত পৃ-১৩৯

৫.       পূর্বোক্ত পৃ-১৫৩

৬.       পূর্বোক্ত পৃ-১৬১

৭.       পূর্বোক্ত লেখকের কথা