ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার সন্ত্রাসের জনপদ খ্যাত মর্দানা গ্রাম আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। কয়েক দফা ঘটেছে চোরাগুপ্ত হামলার ঘটনা। এনিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে সেখানে বসবাসরত সাধারণ বাসিন্দারা। হামলায় দুটি সন্ত্রাসী গ্রুপের অত্যন্ত ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মর্দানা গ্রামের তেঁতুলিয়ায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কয়েক দফায় চোরাগুপ্ত হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

সাবেক কমিশনার আবদুস সালাম সিল্কসিটি নিউজকে জানান, তার কর্মী সাইফুদ্দিনের নেতৃত্বে প্রায় ৩০ জনের একটি দল রহনপুরে অনুষ্ঠিত পুলিশের আইজিপির সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে রাত ৯টার সময় তেঁতুলিয়া নামক স্থানে পৌঁছলে অপর একটি গ্রুপ তাদের উপরে হামলা চালায়। হামলায় সাইফুদ্দিন ও শরিফ নামে দুইজন গুরুত্বর আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে বর্তমান কমিশনার খাইরুল আলম জেম সিল্কসিটি নিউজকে জানান, শুক্রবার রাতে তেঁতুলিয়া গ্রামের ইসমাইল, মিজু, মতি, মফিজসহ ৭-৮ জন বিলের পাড়ে বসে ছিল। এ সময় সাইফুদ্দিনসহ সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে ইসমাইল, মিজু, মফিজ, লতিফ, লতিফের স্ত্রী জেরিনা বেগমকে। আহতদের মধ্যে ইসমাইল, মিজু ও জেরিনাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু পুলিশ রাত আড়াইটার দিকে মর্দানা গ্রাম থেকে ফিরে আসার পর পূণরায় রাত ৩ টার দিকে আবারও শুরু হয় চোরাগুপ্ত হামলা পাল্টা হামলা।
সাবেক কমিশনার আবদুস সালাম অভিযোগ করে বলেন, পরের হামলায় সবির ও নান্টুর বাড়ি ভাংচুর ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে আহত হয়- মংলু, কবির, জেন্ট, ও সবিরের মেয়ে (নাম জানা যায়নি)।
- এই ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি রমজান আলীর সাথে যোগাযোগ করা হলে ২ দফা হামলার কথা স্বীকার করে সিল্কসিটি নিউজকে জানান, খবর পেয়ে শুক্রবার রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশ ফিরে আসে। কিন্তু পরে আবারও হামলা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে আবারও একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মর্দানা গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। তবে বিকাল পর্যন্ত থানায় কোন পক্ষই মামলা করেনি। বর্তমানে মর্দানা গ্রাম থমথমে অবস্থা বিরাজ করছে। এরফলে বিপাকে পড়েছে সাধারণ গ্রামবাসী। তারা আতঙ্কিত হয়ে পড়েছে। গ্রামবাসীর অভিযোগ- মর্দানা গ্রামে সাবেক কমিশনার আবদুস সালাম ও বর্তমান কমিশনার খাইরুল ইসলাম জেম ও তার ভাই শফিকুল ইসলাম পাশবানের কর্মী সমর্থকরা স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এরআগে সেখানে ঘটেছে একাধিক সংঘর্ষ। হয়েছে লুটপাট-ভাঙচুর ও অগ্নিসংযোগেরও ঘটনা। তাদের হামলা-ভাঙচুর ও লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষ। একাধিক ব্যক্তির গরু-ছাগল থেকে শুরু করে বাড়ির ধান, চালও লুট করে নিয়ে গেছে। তাদের আধিপত্যের বলি হতে হয়েছে একজনকে। এসব হামলার আহত হয়েছে শতাধিক ব্যক্তি। একাধিক মামলা থাকলেও গডফাদাররা থেকে যায় ধরাছোয়ার বাইরে।
হামলার বিষয়ে বর্তমান কমিশনার খাইরুল আলম জেমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কয়েকদিনের মধ্যেই গ্রামের লোকজনদের নিয়ে আলোচনায় বসা হবে। যেন আইনশৃংখলা পরিস্থিতি খারাপ না হয়।
- বর্তমানে মর্দানা গ্রামে অবস্থান করা এসআই নূরে আলম সিদ্দিকী জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট সোমবার দুপুরে মর্দানার সাঁওতাল পাড়ায় সিটু মন্ডলের গরুর গোয়ালঘরে পুঁতে রাখা কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটে।
স/অ









