নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। এ উপলক্ষে সকাল থেকেই আরএমপিতে সাজ সাজ রব বিরাজচ করছে। প্রতিটি পুলিশ সদস্যদের মাঝে এক ধরনের আনন্দ-উৎসবের ঢেউ খেলে যাচ্ছে।

আধুনিক, গণমুখী ও যুগোপযোগী পুলিশি ব্যবস্থা প্রবর্তণের লক্ষ্য নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পথচলা শুরু হয় ১৯৯২ সালের পহেলা জুলাই। প্রতিষ্ঠার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পার করলো দুই যুগ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৫টি বিভাগ সদর দফতর, ২টি অপরাধ বিভাগ (পূর্ব ও পশ্চিম), সিটি স্পেশাল ব্রাঞ্চ এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের মাধ্যমে পুলিশ কমিশনার এ মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া এখানে রয়েছে চারটি থানা, ১২টি ফাঁড়ি এবং তিনটি পুলিশ বক্স।

বিগত দুই যুগ ধরে মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা, অপরাধ তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ, জনশৃঙ্খলা রক্ষা, আদালতে রাষ্ট্রপক্ষকে সহায়তা প্রদান, মাদকমুক্ত সমাজ গঠন, জঙ্গিবাদ দমনসহ রাষ্ট্রীয় ও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তায় নগরবাসীদের পাশে রয়েছে আরএমপি। তবে কখনো কখনো দুই-একজন পুলিশ কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার শিকারও হয়েছে মহানগর পুলিশ।
তারপরেও নগরবাসীর নিরাপত্তা থেকে শুরু করে নানা সুযোগ-সুবিধা দিতে কাজ করে যাচ্ছে মহানগর পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে নগরজুড়ে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। সমাজ শেষে মাদকমুক্ত করতে আরএমপি বদ্ধ পরিকর।
সম্প্রতি জঙ্গিবিরোধী অভিযানগুলো সফলতার সঙ্গে সম্পন্ন করেছে আরএমপির সব সদস্য। জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য রাজশাহী মহানগরবাসীর নিরাপত্তা শৃঙ্খলা, নাগরিক প্রয়োজনে সাড়া ও সেবা প্রদানের মতো বহুমাত্রিক কার্যক্রম নিরলসভাবে পরিচালনা করছে।

তিনি আরো জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া বিকেল ৪টায় নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
স/আর









