ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা সীমান্তে দায়িত্ব পালনকারী ৪৩’বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নওগাঁ তাঁদের দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযানে আটক মাদকদ্রব্য ধ্বংস করেছে। সোমবার বেলা ১১টায় মার্চ’১৫ হতে ২৮ আগস্ট’ ১৬ পর্যন্ত আটককৃত প্রায় ৭২ লক্ষ টাকার মালিকানা বিহীন মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ৪৩’বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান, নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।

ধ্বংসকৃত মাদকদ্রব্যর মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, মদ, ইঞ্জেকশন, গাঁজা, নেশার ট্যালেট, হেরোইন, কফ সিরাপ, বৃক্ষ ধ্বংসকারী কালটার বিষ ও দেশী মদ।
বিকেল পৌনে তিনটায় ৪৩’বিজিবি’র অধিনায়ক অনুষ্ঠানটির ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেছেন। তিনি জানান, ব্যাটালিয়নের মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ অভিযান এবং সীমান্ত টহল কার্যক্রম জোরদার করায় মাদকদ্রব্য চোরাচালান অনেকাংশে হ্রাস পেয়েছে । আগামীতেও এ ধারা অব্যাহত রাখা হবে এবং অপারেশন কার্যক্রম বৃদ্ধি করা হবে।
স/অ









