সদ্য প্রকাশিত
নওগাঁ

যানজটে স্থবির নওগাঁ: সীমাহীন দুর্ভোগে শহরবাসী

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৭৪ মিনিট পড়া
যানজটে স্থবির নওগাঁ: সীমাহীন দুর্ভোগে শহরবাসী

কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁ শহরের প্রধান সড়কের (নওগাঁ-সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়ক) দুই প্রান্তে দুটি বাস টার্মিনাল ও একটি ট্রাক টার্মিনাল বাইপাস সড়ক থাকলেও দিনের বেলাতেও (সকাল ৮টা থেকে রাত ১০টা) নিয়ম ভঙ্গ করে বড় বড় যানবাহন (বাস ও ট্রাক) শহরের ভিতর চলাচল করছে। অতিরিক্ত যানবাহন ও ট্রাফিক আইন না মানায় প্রতিদিন শহরের নওগাঁ-সান্তাহার সড়ক যানজটে অনেকটা স্থবির হয়ে থাকে। এতে সীমাহীন দুর্ভোগে পড়ছেন নওগাঁ শহরবাসী।

তার ওপর শহরের ভেতর নিবন্ধিত ও অনিবন্ধিত অন্তত ৭ হাজার ইজিবাইক ও ১২ হাজার রিকশা চলাচল করে। সরু সড়ক দিয়ে এসব যানবাহনকে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার কাজের জন্য খোঁড়াখুঁড়ি, ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান নিয়ে বসা এবং শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে ইজিবাইক ও রিকশার স্ট্যান্ডের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় নাকাল হয়ে পড়েছেন পৌর বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, শহরের কাজির মোড় থেকে পুরাতন বাস স্টান্ড এলাকা পর্যন্ত রাস্তার এক পাশ দিয়ে ড্রেন প্রশস্তকরণ কাজ চলছে গত ছয়-সাত দিন ধরে। খোঁড়াখুঁড়ির কারণে শহরের প্রধান সড়কটি আরও সরু হয়ে পড়েছে। এছাড়া শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা পুরাতন বাস স্টান্ড, লিটন ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশে সিএজি ও ব্যাটারিচালিত রিকশা রাস্তার ওপর রাখা আছে। স্থায়ী স্ট্যান্ডের মতো দাঁড় করিয়ে রেখে এসব সিএজি ও অটোরিকশায় যাত্রী উঠানো-নামানো হচ্ছে।

এ ছাড়া শহরের পার-নওগাঁ এলাকায় আঞ্চলিক মহাসড়কের (নওগাঁ-সান্তাহার-বগুড়া সড়ক) পাশেই ঢাকা, বগুড়া ও দূরপাল্লাগামী বাসের স্ট্যান্ড। যেটি ঢাকা বাস স্টান্ড হিসেবে পরিচিত। পার-নওগাঁ ট্রাফিক বক্স থেকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় পর্যন্ত প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে ঢাকা বাস স্টান্ডে মহাসড়কের দুপাশে দূরপাল্লাগামী বিভিন্ন পরিবহনের বাস সারিবদ্ধভাবে রাখা হয়েছে। রাস্তার ওপরেই এসব বাসে যাত্রী উঠানো-নামানো হচ্ছে। পাউবো কার্যালয় থেকে শহরের তুলসিগঙ্গা ব্রিজ পর্যন্ত রজাকপুর ট্রাক টার্মিনাল রাস্তার দুপাশে রাখা হয়েছে অসংখ্য বড় ট্রাক।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সাইদুর রহমানের। প্রতিষ্ঠানের মালামাল ওঠাতে প্রায় প্রতি সপ্তাহে তাঁকে নওগাঁ শহরে আসতে হয়। গতকাল দুপুরে মিনি ট্রাক নিয়ে যানজটে আটকা পড়া অবস্থায় শহরের বাটার মোড়ে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘মুক্তির মোড় থেকে বাটার মোড় পর্যন্ত আসতে আধা ঘন্টা সময় লাগল। অথচ এইটুকু মাত্র তিন মিনিটের রাস্তা। ইদানিং যানজটের কারণে শহরে আসতেই ভয় লাগে।’

স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী বলেন, ‘আজ থেকে ৫০ বছর আগে শহরে যে রাস্তা ছিল এখনও সেই রাস্তাই রয়েছে। অথচ শহরের জনসংখ্যা ও যানবাহন বেড়েছে প্রায় ২০ গুন। শহরের যানজট নিরসনের জন্য অনতিবিলম্বে রাস্তাগুলো সম্প্রসারিত করতে হবে। মহাসড়কের পাশ থেকে বাস ও ট্রাক টার্মিনাল সরাতে হবে। ট্রাফিক পুলিশের পাশেই রাস্তার পাশে যত্রতত্র ইজিবাইক ও রিকশা দাঁড় করে রাখা হচ্ছে। এই কয়টি সমস্যার সমাধান করতে পারলেই শহরের যানজট নিরসন করা সম্ভব।’
নওগাঁ পৌরসভা সূত্রে জানা যায়, শহরে নিবন্ধিত ইজিবাইক ও রিকশা রয়েছে সর্বমোট ১১ হাজার ২৪০টি। ২০১৪ সাল থেকে নতুন করে ইজিবাইক ও রিকশা নিবন্ধন কার্যক্রম বন্ধ রেখেছে।

নওগাঁর ট্রাফিক পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, ‘নওগাঁ শহরের যানজটের প্রধান কারণ সংকীর্ণ রাস্তা। এছাড়া বর্তমানে পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তায় সংস্কার কাজ চলার কারণে ওই সব রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এজন্য শহরের প্রধান সড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। যানজটের আরেকটি অন্যতম কারণ হচ্ছে শহরে প্রচুর অনিবন্ধিত ইজিবাইক ও রিকশা চলাচল করে। এসব অনিবন্ধিত গাড়ি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে (পৌরসভা) উদ্যোগ নিতে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রাফিক পুলিশের জনবল কম থাকার কারণে নির্ধারিত সময়ের বাইরে শহরের ভিতরে বড় বড় গাড়ি ঢুকে যায়। অনেক সময় আমাদের চোখকে ফাঁকি দিয়ে বড় গাড়ি শহরে ঢুকে পড়ে।’
নওগাঁ পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমানে ঢাকা বাস টার্মিনাল যে জায়গায় রয়েছে সেখানে মাত্র ২০০টি বাস থাকতে পারে। অথচ আমাদের প্রয়োজন ৬০০ বাস রাখার মতো টার্মিনাল। ঢাকা বাস টার্মিনালের দক্ষিণ দিকে পৌরসভার যে দিঘি রয়েছে। সেটি ভরাট করে বাস টার্মিনাল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ওই জায়গা দেওয়া হচ্ছে না। এছাড়া উপযুক্ত জায়গা পেলে অবশ্যই এখান থেকে বাস টার্মিনাল সরিয়ে নিয়ে যাব। ’

এ ব্যাপারে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক বলেন, ‘অটোরিকশা ও ঢাকাগামী বাসের জন্য আলাদা দুটি স্টান্ড করলে শহরের যানজট কিছুটা হলেও কমানো সম্ভব। বিষয়টি জেলা সমন্বয় কমিটির সভায় একাধিকবার উঠানো হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা ছাড়া এটা বাস্তবায়ন করা সম্ভব না। কারণ পরিবহন মালিক-শ্রমিক নেতারা বর্তমান ঢাকা বাস স্টান্ড থেকে সরাতে চায় না।’

তিনি বলেন, ‘গত জুন মাসে যোগাযোগ মন্ত্রী নওগাঁয় এসে এক জনসভায় সান্তাহার থেকে নওগাঁ নওহাটা পর্যন্ত নওগাঁ-রাজশাহী মহাসড়কটি ডাবল লেন করার ঘোষণা করে গিয়েছিল। সেটা বাস্তবায়ন করা গেলে শহরের প্রধান সড়কে যানজট অনেকটাই কমে আসবে।’ শহরে যানবাহন নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সহযোগিতায় শীঘ্রই অনিবন্ধিত ইজিবাইক ও রিকশা ধরতে অভিযান চালানো হবে বলে তিনি জানান।

 

স/আ