নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির উদ্যোগে রোহিঙ্গাদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর থেকে টানা ৭দিন ধরে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান বিতরণ কর্মসূচীতে সমিতির পক্ষ থেকে নেতৃত্ব দেন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান।
বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান জানান, গত ১৫ সেপ্টেম্বর জেলা ইমাম-মুয়াজ্জিন কমিটির এক সভায় নেয়া সিদ্ধান্ত মোতাবেক জেলা শহরের মুসল্লিবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ টাকা ও ত্রান সংগ্রহ করা হয়। মাত্র তিনদিনের মধ্যে সংগৃহীত ৪৪ লাখ টাকার ত্রান সামগ্রী ক্রয় করা হয়। এরপর গত ১৮ সেপ্টেম্বর থেকে টানা ৭দিন ধরে কক্সবাজার জেলার কুতুপালং, বালুখালি, টেংখালি ও টেকনাফে বসবাসরত রোহিঙ্গা শরনার্থীদের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সমিতির পক্ষ থেকে বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমানের নেতৃত্বে টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলী, নওগাঁ সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান, এলজিইডি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান, ট্রাক টার্মিনাল জামে মসজিদের ইমাম হাফেজ জাহাঙ্গীর আলম, শাহী জামে মসজিদের ইমাম মুহিত বিল্লাহ, সমিতির অর্থ সচিব মাওলানা নজরুল ইসলাম, বাঙাবাড়িয়া জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম নাদিম, পুরাতন কাঠহাটি জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান ও চকএনায়েত জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

ত্রান বিতরন শেষে শরনার্থীদের আশ্রয়ের জন্য ২১টি গৃহনির্মান, ১০টি টয়লেট ও ৫টি টিউবওয়েলসহ একটি মসজিদ নির্মানের সার্বিক সহযোগিতা করা হয়।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির উদ্যোগে শহরের ব্রিজের মোড়ে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে ত্রান সংগ্রহের সিদ্ধান্তের পাশপাশি অবিলম্বে মিয়ানমারের সামরিক অভিযান বন্ধের জোর দাবি জানানো হয়।
স/শ










