নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে উপজেলায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শুক্রবার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, শাড়ী ও শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলার আত্রাই উচ্চ বিদ্যালয় ও আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র এবং পাঁচপুর বাঁধের রাস্তায় আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মাঝে প্রথম আলো নওগাঁ বন্ধুসভার ব্যবস্থাপনায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ৮০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারে ২ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি সয়াবিন, আধা কেজি গুড়, আধা কেজি ডাল, আধা কেজি করে লবন ও তিনটি খাবার স্যালাইন বিতরণ করা হয়। ৫০টি পরিবারে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। প্রত্যেক শিশুর জন্য ২৫০ গ্রাম গুড়া দুধ, আধা কেজি সুজি ও আধা কেজি করে চিনি বিতরণ করা হয়। এছাড়া বন্যাদুর্গত ৫০ জন অসহায় নারীর মাঝে নতুন শাড়ী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন সালেহা ইমারত ডিগ্রি কলেজের প্রভাষক রুহুল আমিন, স্থানীয় সমাজকর্মী জাহিদুল ইসলাম ও মাসুদ রানা।
বন্যায় ভিটে-মাটি হারিয়ে উপজেলার পাঁচপুর গ্রামের শিল্পী বেগম পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন আত্রাই নদীর তীর রক্ষা বাঁধের ওপর। ত্রাণ সামগ্রী ও শিশুখাদ্য পেয়ে তিনি বলেন, ‘আইজকা দিয়ে ১২ দিন হলো ছয় মাসের বাচ্চা নিয়ে রাস্তার ওপর পড়ে আছি। সরকারি ইলিপ দ্যাওয়ার কথা বলে নাম লিস্টি করে লিয়ে গেছে কয়েক দিন আগে। এখনও সেই ইলিপের কোনো খবর নাই। বড় মানুষ তাও আধপেটা খ্যায়ে থাকতে পারে। কিন্তু ছোট বাচ্চাকতো আর আধপেটা রাখা য্যাবে না। এদিকে হামার খাওন-দাওন ঠিকমতো না হওয়ায় ছাওয়ালটাও বুকের দুধ প্যাচ্চে না। তোমরা এই দুধ ও সুজি দ্যাওয়ায় হামার বিরাট উপকার হলো।’

ত্রাণের শাড়ি পেয়ে পাঁচপুর উজানপাড়া গ্রামের ষাটার্ধ্বো জামেনা বিবি বলেন, ‘বন্যায় ভিটে-মাটি সব হারাইছুম। যেই এ্যাকনা ধান হতো, তাও বানের পানিত ডুবে গেছে। যেকনা টাকা-পয়সা আছে, তাই দিয়ে জীবন বাঁচানাই কষ্ট হবে। এবার ঈদত নতুন শাড়ী পড়তে পারমু এটা হামার কল্পানাতই ছিল না। এই শাড়ীটা প্যায়ে খুব আনন্দ লাগছে।’
নওগাঁর বদলগাছি উপজেলার বন্যাদুর্গতদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রান বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য রবিউল আলম বুলেট। শুক্রবার দুপুরে উপজেলার কোলা বাজার এলাকায় প্রায় চার শত পরিবারের মাঝে ত্রান হিসেবে চাল, ডাল, চিড়া, লবন ও তেল বিতরন করেন। এ সময় বদলগাছি উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি ময়নুল ইসলাম,উপজেলা জাসাস-এর সভাপতি আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য এলাকার সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানান রবিউল আলম বুলেট|
এদিকে পার-নওগাঁ মরছুলা স্কুলে আশ্রয় নেয়া বন্যার্তদের জন্য মেডিক্যাল ক্যাম্প ও রান্না করা খাবার বিতরণ করে অন্বেষা নিশান ক্লাব। শুক্রবার দুপুরের খাবার ও বিকেলে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন পার-নওগাঁর ঐতিহ্যবাহী অন্বেষা নিশান ক্লাবের সভাপতি মো: জাহিদুল ইসলাম ধলু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারন সম্পাদক মো: নুর ই আলাম মিঠু, যুগ্ম সম্পাদক মো: মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক শামীম নুর শিপলু, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান প্রমূখ। এর আগে মরছুলা স্কুলে আশ্রয় নেয়া প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে দুপুরে রান্না করা খাবার পরিবেশন করা হয়।
অন্যদিকে নওগাঁর বদলগাছীতে যুব মহিলালীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের পারসোমবাড়ি কাজল বিবি মেমোরিয়াল বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা যুব মহিলালীগ এর আয়োজন করে।
এসময় জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক ফেন্সি চৌধূরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জায়েম, জাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান রিমন, বদলগাছী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল করিম সুমন, মহিলা লীগের সভাপতি মমতাজ চৌধূরী, কৃষকলীগের আহ্বায়ক আবু হাসনাত চৌধূরী, বিলাশবাড়ি ইউপি আ’লীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মনোয়ারা বেগম, মিঠাপুর ইউপি যুব মহিলা লীগের সভাপতি রুমা বেগম, আধাইপুর ইউপি আ’লীগের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শহীদুল ইসলাম প্রমূখ।
পরে শতাধিক বন্যার্তদের মাঝে শুকনা খাবার চিড়া, চিনি ও ওষধ বিতরণ এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।
নওগাঁয় বন্যা দূর্গতদের মধ্যে ত্রান বিতরণ অব্যাহত রয়েছে। গত দু’দিনে নওগাঁ জেলায় বন্যার্তদের মধ্যে আরও ১৭৯.৫০০ মেট্রিকটন চাউল এবং ৯ লক্ষ ৭০ হাজার নগদ টাকা ত্রান হিসেবে বিতরণ করা হয়েছে। নওগাঁ’র জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান জানিয়েছেন এ নিয়ে এ পর্যন্ত জেলায় মোট ৬৩৬.৫০০ মেট্রিক টন চাল এবং নগদ ২৫ লক্ষ ৯৫ হাজার ৫শ ত্রান হিসেবে বিতরণ করা হলো।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় জেলার দুই প্রধান নদী আত্রাই ও যমুনা পানি ১১ সেন্টিমিটার করে কমে গেছে। বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার এবং ছোট যমুনা নদীর পানি ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যানিয়ন্ত্রন কক্ষসুত্রে জানানো হয়েছে নদীর পানি কমে গেলেও বন্যা পরিস্থিতি আরোও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে জেলার ১১টি উপজেলায় ৭১টি ইউনিয়নের ৫৮১টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব এলাকার ৪ লাখ ৭৪ হাজার ৬শ ৫৫ জন মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন।
কৃষি বিভাগ সুত্রে জানা গেছে এ পর্যন্ত বন্যায় জেলার ৭৫ হাজার ৭শ ৩৬ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। নওগাঁ শহরের উকিলপাড়া সড়ক, প্রধান সড়ক, কেডির মোড় হতে মুক্তির মোড় সড়ক থেকে পানি নেমে গেলেও নওগাঁ শহর বাইপাস সড়কের উপর দিয়ে এখনও পানি প্রবাহিত হচ্ছে। অতি সম্প্রতি সংস্কারকৃত এই সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
স/শ










