নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় বান্ধবীকে জোর করে চুম্বন করায় জাহিদ হাসান (১৮) নামে এক কলেজছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় প্রদান করেন।
জাহিদ মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আজাদ খানের ছেলে ও মৈনম মহানগর কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কলেজে আসা যাওয়ার পথে জাহিদ তার পপিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ ছাড়া রাস্তায় প্রায়ই পপিকে বিরক্ত করতো। জাহিদ বন্ধুদের সাথে জেদ ধরে কলেজে আসার পথে পপিকে চুম্বন করে। পরে পপি কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানায়।
কলেজের অধ্যক্ষ দেওয়ান রুহুল আমিন বলেন, ‘কলেজে আসা যাওয়ার পথে জাহিদ তার পপিকে বিরক্ত করত। শনিবার প্রকাশ্যে সে পপিকে চুম্বন করায় মেয়েটি কলেজে এসে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে জাহিদকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, জাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে আসা হয়ে। পরে শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুজ্জামান ৩ মাসের কারাদন্ড প্রদান করেন জাহিদকে। রবিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।
স/বি










