নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সরকারি কলেজে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিনজন আহত হয়েছে। ঘটনার পর থেকে কলেজ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে বহিরাগত দুজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- নওগাঁ সরকারি কলেজের কাজী নজরুল ইসলাম হোস্টেলের মনিটর রানা হোসেন রনি (২৩), বহিরাগত ফাহিম ফয়সাল সোহান (২০) ও চট্টগ্রাম হাটহাজারি কিতাম খানার ছাত্র মেহেদী হাসান (১৮)।

কলেজ হোস্টেল সূত্রে জানা যায়, বহিরাগতরা হোস্টেলের সামনে নিয়মিত সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তাস খেলা, গাজা খাওয়া ও আড্ডা দিতো। এ নিয়ে হোস্টেলের পক্ষ থেকে তাদেরকে কয়েকবার নিষেধ করা হয়। কিন্তু তারা কোন কর্ণপাত করে না। রবিবার সন্ধ্যায় হোস্টেলের সামনে স্থানীয় পিয়াল, মৃদুল ও সোহান সহ কয়েকজন তাস খেলা ও গাঁজা খাচ্ছিল। হোস্টেলের দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল বারিক তাদেরকে উঠে যেতে বলে। কিন্তু তারা উত্তেতিজ হয়ে আব্দুল বারিককে চড় মারে। পরে সে হোস্টেলের অন্যান্য ছাত্রদের এবং মোবাইল ফোনে মনিটর রানাকে বিষয়টি জানায়।
মনিটর রানা গিয়ে তাদের কাছে চড় থাপ্পর দেয়ার কারণ জানতে চাইলে তর্ক বিতর্কের একপর্যায়ে তার পেটে চাকু দিয়ে আঘাত করে। এতে রানা আহত হয়। ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া বহিরাগতরা বাহির থেকে হোস্টেলের দিকে পেট্রোল জ্বালিয়ে ছুড়ে মারে। ফলে আতঙ্ক দেখা দেয়।
ইতিপূর্বে কয়েকবার বহিরাগতসহ স্থানীয়দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে হোস্টেলের ছাত্রদের মারপিটের ঘটনা ঘটে। কলেজ কর্তৃপক্ষকে এসব বিষয় নিয়ে ক্যাম্পাসে পুলিশের অস্থায়ী ক্যাম্প করতে বলা হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি।
কাজী নজরুল ইসলাম হোস্টেলের মনিটর রানা হোসেন রনি বলেন, তারা প্রায় হোস্টেলের সামনে এসে ঝামেলা করত। প্রতিবাদ করতে গেলে উল্টো তারাই আমাদের মারপিট করে। বহিরাগত পিয়াল, মৃদুল ও সোহানের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। তবে তাদেরকে আমাদের ছেলেরা কোন মারপিট করেনি। সামান্য ধাক্কাধাক্কি হতে পারে।
আহত মেহেদী হাসান বলেন, ছুটিতে বাড়িতে এসে কলেজে গিয়েছিলাম। ঘটনার সময় কলেজের দ্বিতীয় গেটে দাড়িঁয়ে মারমারি দেখছিলাম। এ সময় কে বা কারা এসে আমার উপর অতর্কিত হামলা করে।
আহত ফাহিম ফয়সাল সোহান বলেন, কলেজের ভিতর পুকুর পাড়ে কয়েকজন বন্ধু গল্প করছিলাম। এ সময় কলেজ হোস্টেলের মনিটর সহ অন্যরা এসে হামলা করে।
অধ্যক্ষ প্রফেসর এসএম জিল্লুর রহমান বলেন, ছাত্রলীগের দুই গ্রুফ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার ও শক্তি জানান দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে দুপক্ষকে ডেকেছিলাম। তারা আর নতুন করে কোন ঘটনা ঘটাবেনা বলে জানায়। যা ঘটেছে তা নিস্পত্তি করার জন্য মঙ্গলবার (আজ) বৈঠক হবে। আমি যখন হোস্টেলের দিকে তল্লাসি চালায় তখন কোন কিছু পাওয়া বা দেখা যায়না। তবে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম নিয়মিত সন্ধ্যার সময় তল্লাসি চালানোর জন্য।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে রাত থেকে কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় হোস্টেলের মনিটর রানা হোসেন রনি বাদী হয়ে দাঙ্গা হাঙ্গামায় সাত জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে।
স/বি










