অপরাধ ও দুর্নীতি

ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপার দুধসর আবাসন প্রকল্পের সামনে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আব্দুর রশিদ বিশ্বাস (৫৫) এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের দুই কনস্টেবল।

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও ধারালো অস্ত্র এবং গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ ভোর ৩ টার দিকে। সে ওই আবাসনের বাসিন্দা এলাহী বিশ্বাসের ছেলে।
তবে নিহতের পরিবারের দাবি তাকে শুক্রবার রাত ৯ টার দিকে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।
ঝিনাইদহ শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, ঝিনাইদহের শৈলকুপার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর আবাসন প্রকল্পের সামনে একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এসময় শৈলকুপা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলের কাছাকাছি পৌছালে পুলিশের গাড়ি লক্ষ করে হাতবোমা ছুড়ে মারে ডাকাতরা। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়।

কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ডাকাতরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আব্দুর রশিদ বিশ্বাস নামের এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম ও আমদ আলী আহত হয়। ঘটনাস্থল থেকে ১ টি শাটারগান, ২ রাউন্ড গুলি, ৫ টি তাজা বোমা, ধারালো অস্ত্র, দড়ি ও গাছকাটা করাত উদ্ধার করা হয়।লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে নিহত আব্দুর রশিদের বোন পারুলা খাতুন, স্ত্রী হোসনে আরা ও ছেলে মিরাজ বলেন, ‘আব্দুর রশিদ রাত ৯ টার দিকে ঘরের দুয়ারে দাঁড়িয়ে ছিল। এসময় আমাদের সামনে থেকে ৬ জন পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ ভোরে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছে। সে কোন ডাকাত ছিল না, সে চাষাবাদ করতো। পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হলো আমরা এর সঠিক বিচার দাবি করি। যেন এভাবে আর কাউকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গিয়ে নির্মম ভাবে হত্যা করা না হয়।’

স/আর