সিল্কসিটিনিউজ ডেস্ক:
জামালপুরের মাদারগঞ্জে এস্কেভেটরের (ভেকু) চাপায় লিয়াকত আলী (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার ঘুঘুমারি এলাকার ভাই ভাই ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী উপজেলার জোড়খালী মিলন বাজার এলাকার রঞ্জুদ্দির ছেলে। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ইটভাটায় এস্কেভেটর দিয়ে মাটি কাটার সময় সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন লিয়াকত আলী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটি কাটার সময় এস্কেভেটরের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









