নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
দীর্ঘ ২১ বছরেও একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভুক্ত হয়নি তেররশিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়। এমপিও ভুক্ত না হওয়ায় ৭ জন শিক্ষক ও কর্মচারী পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের।
সরজমিনে গিয়ে জানা গেছে, এলাকার কয়েকজন বিদ্যানুরাগীর প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহায়তায় ১৯৯৭ সালে শাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে ৮৮ শতক জমির উপর তেররশিয়া মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়। এ জমির উপর যে কয়টা আম গাছ রয়েছে, সেখান থেকে যা আয় হয় ও এলাকাবাসীর সাহায্যে চলে এ বিদ্যালয়টি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জানান, সরকারের সুনির্দিষ্ট শর্তাবলীর ভিত্তিতে বিদ্যালয়টি স্থাপনের পর হতেই বরাবরই ভাল ফলাফল করে আসছে। আশে পাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এ বিদ্যালয়টিতে প্রতি বছরই শতাধিক শিক্ষার্থী ভর্তি হয় এবং আমরা আমাদের সাধ্য মত শিক্ষার মান উন্নয়নের চেষ্টা করে আসছি। কিন্তু দু:খের বিষয় এ পর্যন্ত একমাত্র বই ছাড়া অন্য কোন সরকারী অনুদান পাইনি। পাঁচ জন শিক্ষক দুই জন কর্মচারী দীর্ঘ ২১ বছর ধরে তীর্থের কাকের মত এমপিও ভুক্তির আশায় রয়েছি।

তিনি আরো জানান, কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়টি লণ্ডভণ্ড হয়ে গেছে। শিক্ষার্থীরা আতঙ্কের ভিতরে আছে। এছাড়াও বিদ্যালয়টি ২০০৪ সালে পাঠদান অনুমতি ও ২০০৬ সালে স্বীকৃতি লাভ করে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হাসেন ও আশিক, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাজরীন খাতুন, ও মাহমুদা আক্তার এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাসুমা খাতুন ও নুরুল ইসলামসহ অনেক শিক্ষার্থীরা জানান, আমাদের বিদ্যালয়ে শিক্ষার মান ভাল এবং শিক্ষকদের আন্তরিকতার ফলে আমাদের বাইরে কোন প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না। তাদের দাবী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের বিদ্যালয়টি এমপিও ভুক্ত করা হোক।
শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ এ পর্যন্ত কোন সহযোগিতা করেনি। সবদিক দিয়ে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হওয়ার উপযোগী হলেও সরকারী দলীয় উর্দ্ধতন নেতৃবৃন্দের অবহেলার কারণে দীর্ঘ ২১ বছরেও বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়নি। তিনি এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
স/শ









