নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মধ্যে রাজশাহী নগর ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ, যানবাহনে অগ্নিসংযোগ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে রাজশাহী নগর ভবনের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা নগর ভবনের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (২৯ নভেম্বর) মাঝ রাতে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা নগর ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১০০টি ককটেল বিস্ফোরণ এবং ১০১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এ ছাড়া পুলিশের বিভিন্ন স্থাপনা ও যানবাহনেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকাসহ বিভিন্ন জেলায় বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, পুলিশ স্থাপনা ও রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় অভিযান, নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে।










