নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বাল্যবিয়ের প্রবণতা উদ্বেগজনক। দারিদ্র্য, শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট, সামাজিক নিরাপত্তাহীনতা এবং সচেতনতার অভাবে অল্প বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে অনেক শিশু-কিশোরীকে। বাল্যবিয়ের পরিণতিতে সংসারে অশান্তি, দাম্পত্য কলহ ও বিচ্ছেদের ঘটনাও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী ও উন্নয়নকর্মীরা। বিশেষ করে পদ্মার চরাঞ্চলে পরিস্থিতি আরও উদ্বেগজনক।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) অনুযায়ী, রাজশাহী বিভাগে ১৮ বছরের আগে বিয়ে হয়েছে এমন নারীর হার ৬৭ শতাংশ। দেশের বিভাগগুলোর মধ্যে এ হার সর্বোচ্চ। খুলনা বিভাগে এ হার ৬৫ শতাংশ। জাতীয় পর্যায়ে ১৮ বছরের আগে বিয়ের হার ৫৬ শতাংশ। অর্থাৎ জাতীয় গড়ের তুলনায় রাজশাহী বিভাগে বাল্যবিয়ের হার ১১ শতাংশ বেশি।

একই জরিপে দেখা যায়, দেশের ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৩ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছরের আগেই। আর ১৮ বছরের আগে বিয়ে হয়েছে ৪৭ শতাংশের। গ্রাম ও শহরের মধ্যেও রয়েছে পার্থক্য। গ্রামে ১৮ বছরের আগে বিয়ের হার ৫৯ শতাংশ, শহরে ৫০ শতাংশ।
অনুসন্ধানে দেখা গেছে,চলতি বছরের গত ২৭ আগস্ট রাতে দুর্গাপুর উপজেলার চৌপুখরিয়া গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন বন্ধ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাপলা শারমিন। এসময় মেয়েটির বাবা ইসমাইল হোসেন নবীর কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়। মুচলেকায় মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগ, পরদিন ২৮ আগস্ট দুপুরে আবার বিয়ের আয়োজন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানের নামে শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন করা হয় বলে স্থানীয়রা।
গত তিন মাস আগে পবার হরিয়ান ইউনিয়নের চর খিদিরপুরে মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয় সোনামনি নামের এক কিশোরীর। তার বাবার নাম রফিকুল ইসলাম। জাতীয় পরিচয়পত্র না থাকায় শুধু কালেমা পড়ায়ে বিয়ে দেয়া হয় সোনামনির।
গত ৬ জুলাই গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুন্টি গ্রামে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বর আজিজুল ইসলামের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। কনের অভিভাবকদের কাছ থেকে মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। পরে আবারও বিয়ে হয়ে যায় ১২ বছরের ওই কিশোরীর।
গত বছরের ২৩ জুলাই দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বহরমপুর গ্রামে ১৫ বছর বয়সী শাবানা খাতুনের সঙ্গে চারঘাটের ২০ বছর বয়সী নিরবের বিয়ের আয়োজন চলছিল। ইউএনও উম্মে হাবিবা ফারজানার নির্দেশে পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তারা গিয়ে বিয়ে বন্ধ করেন। উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে আবারও গোপনে বিয়ে দেয়া হয় তাঁদের।
গত ৮ সেপ্টেম্বর কাঁকনহাট পৌরসভার দরগাপাড়া এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। বিয়ে পড়াতে আসা ইমামকে ২৫ হাজার এবং বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু ওই বিয়টিও আর শেষ পর্যন্ত আটকানো যায়নি। পরে গোপনে হয়ে গেছে। তাঁরা সংসবারও করছেন।
২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চর খিদিরপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে মুচলেকা নেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) নুরুল হাই মো. আনাছ। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মেয়েটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণার দুই দিন পর, ৯ সেপ্টেম্বর গোপনে তাঁর বিয়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় কিশোরীর বাবাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম। এর পরও ওই গ্রামে আরও ১৬টি বিয়ে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পবার এই চরে বাল্য বিয়ের অবস্থা খুবই ভয়াবহ বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবু জাফর প্রমিজ। তিনি বলেন, বিশাল এই চরে একটি মাত্র প্রাইমারী স্কুল আছে। তাও শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না। ফলে পড়া-শোনাও তেমন হয় না। এ কারণে প্রাইমারী থাকা অবস্থায় কারও কারও বিয়ে হয়ে যাচ্ছে। আবার প্রাইমারীতেই ঝরে পড়ছে অনেকেই। কোনোমতে প্রাইমারী শেষ করেল দুর্গম চর পাড়ি দিয়ে উচ্চ মাধ্যমিকে গিয়ে কেউ ভর্তি হচ্ছে না। হাতে-গোনা দুই-একজন ভর্তি হয়, যাদের পরিবার স্বচ্ছল। তবে প্রাইমারীই এখানে সর্বোচ্চ শিক্ষা। ফলে এই চরে বাল্য বিয়ে যেন নিত্যদিনের ঘটনা। কেউ প্রতিবাদও করে না।’
তিনি আরও বলেন, ‘সন্ধ্যার পরে কিশোর-কিশোরীদের ঘরে আটকে রাখবেন কি করে পরিবারের সদস্যরা। এখানে নাই কোনো বিনোদনের ব্যবস্থা। নাই কোনো খেলা-ধুলার ব্যবস্থা। তাই বাধ্য হয়ে অভিভাবকরা ছেলে-মেয়ে একটু মাথাচাঁড়া দিলেই বিয়ে দিয়ে দেন।’
পবার চর খিদিরপুরে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় এক শিশুর বিয়ে হয়েছিল। বছর দুয়েক আগে। ৩০ বছর বয়সী স্বামীর বাড়িতে ছিলেন বছর তিনেক। পরে যৌতুকের জন্য সানোয়ারাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় স্বামী। এই সানোয়ারা দুটি সন্তান রয়েছে। এখন বাবার বাড়িতে থাকেন স্বামীর সাথে তালাক হয়ে যাওয়ায়।
এই চরেই পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় গ্রামের আরেকটি মেয়ের বিয়ে হয়েছিল। পরে তার বিয়ে ভেঙে যায়। মেয়েটি আবার বিদ্যালয়ে ভর্তি হয়। সপ্তম শ্রেণিতে পড়ার সময় বাবা-মা তাকে আবার বিয়ে দেন।
হরিয়ান ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান ছাবের আলী পালু বললেন, জন্মনিবন্ধন কার্ড ছাড়া বিয়ে নিবন্ধন করা যায় না বলে গ্রামের লোকেরা মসজিদের ইমামকে ডেকে বিয়ে পড়িয়ে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন।
এই পরিসংখ্যানের বাইরে রাজশাহীর প্রত্যন্ত চরাঞ্চলে বাল্যবিয়ের বাস্তবতা আরও কঠিন। পবা উপজেলার পদ্মার চর মাঝারদিয়াড়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে প্রাথমিকের গণ্ডি পেরোনোর পরই অনেক মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। অভিভাবকদের একটি অংশ মনে করেন, মেয়েকে দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর চেয়ে বিয়ে দেওয়াই নিরাপদ। স্থানীয়দের দাবি, চর মাঝারদিয়াড়ে প্রাথমিকের পর মেয়েদের বাল্যবিয়ের হার প্রায় ৯৫ শতাংশ।
চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক বলেন, অভিভাবকরাই সন্তানদের দ্রুত বিয়ে দিয়ে দেন। উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে হলে এলাকায় মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থাকা প্রয়োজন। এখানে সেগুলো না থাকায় প্রাথমিকের পর মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আগে বিভিন্ন উঠান বৈঠকে মানুষকে ডেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করা হতো। এসব আয়োজনের জন্য অর্থের প্রয়োজন হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের বাজেটে এ খাতে বরাদ্দ নেই। নিজেদের অর্থায়নে যতটুকু সম্ভব চেষ্টা করছেন তাঁরা।
দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী বলেন, বাল্যবিয়ে বন্ধে সচেতনতা তৈরির জন্য আলাদা কোনো বাজেট নেই। তবে নিজেদের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা রয়েছে, কোথাও বাল্যবিয়ের খবর পাওয়া গেলে দ্রুত সেখানে গিয়ে তা বন্ধের উদ্যোগ নিতে হবে।
একসময় রাজশাহী অঞ্চলে বাল্যবিয়ে প্রতিরোধ, আইনি সহায়তা ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করত অর্ধশতাধিক বেসরকারি উন্নয়ন সংস্থা। কিন্তু প্রকল্পের অর্থায়ন কমে যাওয়ায় অনেক সংস্থার কার্যক্রম সীমিত হয়েছে। কমেছে উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ ও গ্রামভিত্তিক প্রচার।
রাজশাহী ইইউডিএসের আঞ্চলিক ব্যবস্থাপক তাসবীর আহমদ খান বলেন, বিভিন্ন প্রকল্পের একটি অংশ হিসেবে বাল্যবিয়ে প্রতিরোধের কাজ করা হতো। বিশেষ করে ২০১৯ ও ২০২২ সালের পর থেকে প্রকল্পগুলো কমতে শুরু করে। দাতাদের অর্থায়ন কমে যাওয়ায় অনেক প্রকল্প আর বাস্তবায়িত হচ্ছে না। ফলে উঠান বৈঠকসহ সচেতনতামূলক কার্যক্রমও কমেছে।
রাজশাহী লফসের প্রকল্প ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, ধীরে ধীরে উন্নয়ন কর্মসূচিগুলো ছোট হয়ে আসছে। বড় প্রতিষ্ঠানগুলোর পক্ষে সরাসরি তৃণমূল পর্যায়ে কাজ করা কঠিন। তারা ছোট সংগঠনগুলোর মাধ্যমে গ্রামে কার্যক্রম পরিচালনা করে। কিন্তু অর্থায়ন কমে যাওয়ায় সেই কার্যক্রমেও প্রভাব পড়েছে। বর্তমানে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ৮২টি ক্লাব-কমিটি ও ৫০টি হাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা।
পরিবর্তন উন্নয়ন বিশ্লেষক রাশেদ রিপন বলেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা যদি নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে না দেওয়ার বিষয়ে দৃঢ় অবস্থান নেন, তাহলে এটি প্রতিরোধ করা সম্ভব। শুধু আইন প্রয়োগ করে এ সমস্যা পুরোপুরি বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন এবং মানুষের চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি দপ্তর, স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। পাশাপাশি চরাঞ্চলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সুযোগ, মেয়েদের নিরাপদ যাতায়াত, দরিদ্র পরিবারের জন্য সহায়তা এবং বাল্যবিয়ে নিরোধ কমিটিগুলোকে সক্রিয় করতে হবে। তা না হলে সচেতনতামূলক সভা-সেমিনার চললেও মাঠপর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ কঠিন হয়ে পড়ছে।
স.আর










