নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ২০২৬-২৭ আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। তবে প্রতিযোগিতার মূল চেতনা হলো সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব।

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার। প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং শিক্ষাব্যবস্থায় খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড় অংশ নেন। সেখান থেকে বাছাই করা ৩০৬ জনকে বিকেএসপিতে ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকে ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যন্ত শিক্ষার সুযোগ পাবেন তাঁরা।
রাজশাহীর বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও পড়াশোনার জন্য ঢাকায় যেতে হবে না। বিশেষ করে মেয়েদের খেলাধুলার সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, খেলাধুলাকে ঐচ্ছিক নয়, বরং শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে আমিনুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠে একটি ফুটসাল গ্রাউন্ড নির্মাণে সহযোগিতা করা হবে। আগামী অর্থবছরে মাঠে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব জমা দিতে বলেন তিনি। পাশাপাশি আধুনিক সুইমিংপুল ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের বিষয়টিও বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। স্বাগত বক্তব্য দেন রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাবি দলের অধিনায়ক যুবায়ের। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক রোকনুজ্জামান। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রাবির সজীব এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিহাব।










