সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয়

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২৬৫ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিষয়গুলো হয়তো কাকতালীয়। কিন্তু কাকতালের ধারাবাহিকতা আমেরিকানদের শঙ্কিত করার জন্য যথেষ্ট।

দিন দশেক ধরে একের পর এক প্রযুক্তিগত ত্রুটির কারণে অনলাইন যোগাযোগ, বিমান ভ্রমণ এবং ব্যাংকিংসহ দৈনন্দিন জীবনের নানা কাজ বিঘ্নিত হচ্ছে। এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থার-এনএসএ গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত অতিগোপনীয় কম্পিউটারও অচল হয়ে পড়ে। হ্যাকিংয়ের শিকার হয়েছে এফবিআইয়ের তথ্যভাণ্ডার।
সর্বশেষ রবিবার বিমানের ওজন ও ভারসাম্য ব্যবস্থার অটোমেশন সমস্যার কারণে ডেল্টা এয়ারলাইনসের মোট ফ্লাইটের অর্ধেকেরও বেশি বিলম্বিত হয়েছে এবং ৬ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

ব্যস্ত থ্যাংকসগিভিং ভ্রমণ সপ্তাহের শুরুতে দেশজুড়ে ফ্লাইট বিপর্যয়ের কারণে যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছ। নেটওয়ার্কজুড়ে ফ্লাইট বিলম্ব ছড়িয়ে পড়ায় রবিবার সকালে নিরাপদে ফ্লাইট ছাড়ার জন্য ডেল্টা ম্যানুয়াল বিকল্প পদ্ধতি ব্যবহার করতে বাধ্য হয়েছিল। প্রায় ৭ ঘণ্টা পর অটোমেশনে সৃষ্ট ত্রুটি সমাধান করা হয়েছে। ডেল্টা জানিয়েছে, উড্ডয়নকারী ফ্লাইটের ওজন ও ভারসাম্য হিসাব করার অটোমেশন ব্যবস্থাটি এখন কাজ করছে।

তবে এই বিলম্বের রেশ বা দীর্ঘস্থায়ী প্রভাব যাত্রীদের এখনো পোহাতে হতে পারে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ডেল্টার মোট ফ্লাইটের অর্ধেকেরও বেশি বিলম্বিত হয়েছে এবং ৬ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। ডেল্টা জানিয়েছে, রবিবারের সময়সূচি পরিবর্তনের প্রায় ৭০ শতাংশ ঘটেছে এই অটোমেশন সমস্যার কারণে। যার ফলে ব্যস্ত বিমানবন্দর এবং ডেল্টার সবচেয়ে বড় ট্রাভেল হাব হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘণ্টা ধরে ফ্লাইট উড্ডয়ন স্থগিত ছিল।

যাত্রীদের ভ্রমণে বিলম্বের জন্য ক্ষমা চেয়ে ডেল্টা সিএনএনকে বলেছে, ‘ডেল্টা দলগুলো বাকি সময়সূচি সম্পন্ন করার দিকে মনোযোগ দিচ্ছে।

সব সময়ের মতো, অন্য সব বিকল্প শেষ হয়ে গেলেই শুধু শেষ উপায় হিসেবে ফ্লাইট বাতিল করা হয়।’
উড্ডয়নের পূর্বপ্রস্তুতির ক্ষেত্রে উড়োজাহাজের ওজন ও ভারসাম্য হিসাব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে সম্পূর্ণ বোঝাই করা উড়োজাহাজটি ওড়ার জন্য অতিরিক্ত ভারী নয়, এটি সঠিকভাবে বোঝাই করা হয়েছে এবং নিরাপদ উড্ডয়নের জন্য পাইলটদের কাছে সঠিক সেটিংস রয়েছে। প্রধান বিমান সংস্থাগুলো এই হিসাব করার জন্য তাদের সদর দপ্তরে অত্যাধুনিক কম্পিউটার প্রগ্রাম ব্যবহার করে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন- এফএএ’র ‘পাইলটস হ্যান্ডবুক অব অ্যারোনটিক্যাল নলেজ’ অনুযায়ী, ‘ফ্লাইট নিরাপত্তার জন্য যেকোনো উড়োজাহাজের ওজন ও ভারসাম্যের সীমা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

 

ডেল্টার ক্ষেত্রে, ব্যাগেজ কর্মীদের জন্য ওজন ও ভারসাম্যের নির্দেশনাগুলো আটলান্টা সদর দপ্তরের অপারেশনস অ্যান্ড কাস্টমার সেন্টারে অটোমেটেড লোড ইনস্ট্রাকশন সিস্টেম-অ্যালিস নামক একটি সিস্টেমের মাধ্যমে পরিকল্পনা করা হয়।

এটিসি ডটকমে ধারণ করা এক রেডিও কলে রবিবার সকালে বোস্টনের একজন পাইলটকে এক কর্মী ব্যাখ্যা করে বলেন, ‘এই মুহূর্তে ডেল্টা এয়ার লাইন্সের সিস্টেমজুড়ে বিভ্রাট চলছে। র‍্যাম্প কর্মীরা মালামাল বোঝাই করতে পারছেন না। কারণ সেখানে কোনো র‍্যাম্প ওয়ার্কশিট নেই। তাই আমরা এখন হাতে গুনে ব্যাগ হিসাব করছি এবং আপনাদের জন্য একটি রিপোর্ট তৈরি করছি।’ পাইলট উত্তরে বলেন, ‘ওহ, হায়!’ র‍্যাম্প কর্মী ব্যঙ্গাত্মক সুরে মন্তব্য করেন, ‘অনেকটা এখানে সেই পুরোনো দিনের মতো আরকি।’

ছুটির দিনের ব্যস্ততম ভ্রমণ মৌসুমের ঠিক শুরুতেই ডেল্টার এই ধীরগতি দেখা দিল। বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ডেল্টার আটলান্টা হাবে ৪০ লাখেরও বেশি যাত্রীর সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

গত ১৩ নভেম্বর এয়ার ট্রাফিক ব্যবস্থার ত্রুটির কারণে দেশজুড়ে ৪ ঘণ্টা ২১ মিনিট ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এর পর থেকে অনেক যাত্রীই সাম্প্রতিক সপ্তাহগুলোতে দীর্ঘ লাইন এবং হতাশাজনক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন। এফএএ জানিয়েছে, দেশব্যাপী ওই ফ্লাইট স্থগিতাদেশের পেছনের বিভ্রাটটি সম্ভবত কোনো প্রত্যন্ত এলাকার একটি পুরনো তামার তার থেকে সৃষ্টি হয়েছিল। এফএএ সামাজিক মাধ্যমের এক পোস্টে নিশ্চিত করেছে যে রবিবারের ডেল্টার বিলম্বের সঙ্গে এফএএ-র কোনো এয়ার ট্রাফিক সিস্টেমের সম্পর্ক নেই।

 

হার্টসফিল্ড-জ্যাকসনের একজন মুখপাত্র সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, এই গ্রাউন্ড ডিলে শুধু ডেল্টা ফ্লাইটগুলোকে প্রভাবিত করেছে এবং এটি পুরো বিমানবন্দরজুড়ে ছিল না। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, রবিবার সন্ধ্যা পর্যন্ত হার্টসফিল্ড-জ্যাকসন থেকে ছেড়ে যাওয়া ৬০ শতাংশের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বিমানবন্দরে আসা ফ্লাইটগুলোরও প্রায় অর্ধেক বিলম্বিত হয়েছে। তবে এর মধ্যে কতগুলো ডেল্টা ফ্লাইট ছিল তা তথ্যে নির্দিষ্ট করা হয়নি।

ডেল্টার সমস্যার সুনির্দিষ্ট কারণ এখনো অস্পষ্ট থাকলেও, গত বছর ইউনাইটেড এয়ারলাইনসের ওজন ও ভারসাম্য কম্পিউটার সিস্টেমে এমন একটি সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে এক হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ডজনখানেক ফ্লাইট বাতিল হয়েছিল। গত ১৬ নভেম্বরও ইউনাইটেড এয়ারলাইনসে একটি সংক্ষিপ্ত সিস্টেম বিভ্রাট ঘটেছিল, যা যুক্তরাষ্ট্রজুড়ে ১৫০টিরও কম ফ্লাইটকে প্রভাবিত করেছিল। এই বিভ্রাটটির সঙ্গে রবিবারের ডেল্টার অটোমেশন সমস্যা এবং এর আগের দেশব্যাপী এফএএ গ্রাউন্ড স্টপের কোনো সম্পর্ক নেই বলেই মনে হচ্ছে।

ইউনাইটেডের বিভ্রাটের সময় এফএএ জানিয়েছিল যে ঘটনাটি সংস্থার কোনো সরঞ্জামের ত্রুটি ছিল না এবং বিমান সংস্থাটি বলেছিল যে এটি সাইবার নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত হওয়ার কোনো লক্ষণ নেই।

 

সিস্টেম বিভ্রাটের পাশাপাশি, আসন্ন থ্যাংকসগিভিং ছুটিতে বহু মানুষ ভ্রমণ করায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বৈরী আবহাওয়াও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এফএএ-র সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদের আবহাওয়াজনিত কারণে গড়ে প্রায় দুই ঘণ্টা গ্রাউন্ড ডিলের মুখে পড়তে হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে সান ফ্রান্সিসকোগামী ফ্লাইটগুলোতেও বিলম্ব দেখা দিয়েছে, অন্যদিকে অতিরিক্ত ফ্লাইটের চাপের কারণে সান দিয়েগো এবং ফ্লোরিডার বেশ কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়নে বিলম্ব হচ্ছে।