পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় মাঠপর্যায়ে ফসলের উৎপাদন পরিস্থিতি পর্যবেক্ষণে নমুনা শস্য কর্তন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। এ সময় কৃষকদের সঙ্গে মতবিনিময় করে আসন্ন রবি ও বোরো মৌসুমে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নমুনা শস্য কর্তনের উদ্বোধনের পর স্থানীয় কৃষক-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি সচিব।

মতবিনিময় সভায় কৃষকেরা ফসল উৎপাদন, সার সরবরাহ এবং চাষাবাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। তাঁদের কথা শুনে কৃষি সচিব বলেন, আসন্ন রবি ও বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
সভায় আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। কৃষির উন্নয়নে কৃষক-কৃষাণীদের সম্পৃক্ততা এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার।
এর আগে কৃষি সচিব পুঠিয়ার বাণেশ্বর বাজারে বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলারদের বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সার মজুত, সরবরাহ ও বিক্রয় কার্যক্রমের খোঁজখবর নেন।










