লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ছোট বিলশলিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০), গোপালপুর বাজার এলাকার কাজী জয়নুল আবেদীনের ছেলে ও পৌর যুবলীগের সাবেক সদস্য মো. আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১), বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মৃত এছার উদ্দীন মন্ডলের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য মো. শামিম আহমেদ (৫০) এবং বালিতিতা মহেশপুর গ্রামের আলাউদ্দীন সরদারের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য মো. ইব্রাহিম সরদার ওরফে শুকুর (৫৬)।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান, গত ১৭ ও ১৮ নভেম্বর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।










