নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাচালক মোজাফফর হোসেন (৩৯) নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর পাঁচটার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবীশাউল উত্তরপাড়া এলাকার মজিবর প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরে গ্যাস নেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন মোজাফফর। পথে দুপচাঁচিয়া খাদ্যগুদামের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি তাজলিমুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










