সিল্কসিটিনিউজ ডেস্ক:
সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ (এডিএইচএ) এক বিবৃতিতে ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সেনেগালের কেবেমে বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে নৌকাটি ডুবে যায়। এলাকাটি রাজধানী ডাকার ও উত্তরের শহর সেন্ট লুইয়ের মাঝামাঝি অবস্থিত।

দেশটির সংবাদপত্র লে সোলেইল জানিয়েছে, নিহত ব্যক্তিদের বেশির ভাগই একই বিভাগের লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা ছিলেন।
পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে গত কয়েক বছরে হাজার হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে অভিবাসীবাহী নৌকার সংখ্যা বেড়ে যাওয়ায় শনিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দ্বীপটির কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন।









