আন্তর্জাতিক

গ্রিসে নৌকা থেকে ১২ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে একটি নৌকা থেকে ১২ জন মৃত অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। রয়টার্স জানায়, আজ সোমবার ভোরে এসব মরদেহ উদ্ধার করা হয়।

গ্রিসের কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। 

কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, কালোই লিমেনেস বন্দরের প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে ওই নৌকা থেকে আরো ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ক্রিট দ্বীপের কাছে আরও দুটি পৃথক ঘটনায় কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া সবাইকে তীরে নিয়ে আসা হবে বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে আসা অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের জন্য দীর্ঘদিন ধরে ইউরোপে প্রবেশের অন্যতম পথ গ্রিস। ২০১৫ ও ২০১৬ সালে ইউরোপে অভিবাসন সংকটের সময় দেশটি সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে। ওই দুই বছরে প্রায় ১০ লাখ মানুষ গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছান।

তাঁদের বেশির ভাগই তুরস্ক থেকে এসেছিলেন। 

এরপর গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের আসার সংখ্যা কমেছে। এ সময় সমুদ্র ও সীমান্তে টহলও বাড়িয়েছে দেশটির সরকার। তবে ক্রিট দ্বীপ হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে। তাদের অনেকেই উত্তর-পূর্ব লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে আসছেন।