সিল্কসিটিনিউজ ডেস্ক:
কয়েক ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়ে নজিরবিহীন পতনের মুখে পড়ার পর অবশেষে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বৈশ্বিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজার। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং এআই প্রযুক্তির ওপর কড়াকড়ির আশঙ্কায় বাজারে বড় ধরনের ধস নেমেছিল।
তবে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থানের ইতিবাচক তথ্য প্রকাশের পর শুক্রবার ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার।
কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রযাত্রা মন্থর হতে পারে এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা প্রযুক্তি খাতের শেয়ার বিক্রি করে দিচ্ছিলেন। এর ফলে নাসডাকসহ প্রধান প্রযুক্তি সূচকগুলোতে ব্যাপক ধস নামে। তবে এর মাঝেই শুক্রবার সকালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের সর্বশেষ কর্মসংস্থানের ইতিবাচক চিত্র মার্কিন বাজারের এই মিশ্র পরিস্থিতিতে নতুন আশার সঞ্চার করে।

ওই সময়ে দেশটির অর্থনীতিতে নতুন করে ১ লাখ ৬৫ হাজার কর্মসংস্থান যুক্ত হয়, যা বিশ্লেষকদের ধারণার চেয়ে দ্বিগুণেরও বেশি।
গত বৃহস্পতিবার এআই খাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ব্যবসা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে চিপ ও সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক কোম্পানিগুলো পুঁজিবাজারে রীতিমতো বিপর্যয়ের মুখে পড়েছিল। তবে শুক্রবার প্রযুক্তিপ্রধান নাসডাক কম্পোজিট সূচক ঘুরে দাঁড়িয়ে দিন শেষ করে ১.১ শতাংশ ইতিবাচক প্রবণতায়, যা এর আগের দিন ৫.৫ শতাংশ পতনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিয়েছে। এছাড়া শীর্ষ মার্কিন কোম্পানিগুলোর শেয়ারমূল্য পরিমাপক ‘এসঅ্যান্ডপি ৫০০’ সূচক ০.৩ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে।
তবে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক দিনজুড়ে প্রায় স্থিতিশীল থেকে সামান্য কমে শেষ পর্যন্ত ০.৪ শতাংশ পতনের সঙ্গে দিন শেষ করে।
এই পতনের বাজারে গত বৃহস্পতিবার শত শত বিলিয়ন ডলার বাজারমূল্য হারানো এনভিডিয়া, স্পেসএক্স এবং টেসলার মতো শীর্ষ জায়ান্ট কোম্পানিগুলোর শেয়ার শুক্রবার কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।
তবে যুক্তরাষ্ট্র বাদে এশিয়া ও ইউরোপের স্টক বাজারগুলোর পরিস্থিতি ছিল বেশ শোচনীয়। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক শুক্রবার ৬ শতাংশ পতনের মুখ দেখে, যেখানে দেশটির বিখ্যাত চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকে হাইনিক্স-এর শেয়ারের দরপতন ঘটে ১০ শতাংশেরও বেশি।
ইউরোপীয় বাজারগুলোতেও একই নেতিবাচক প্রভাব দেখা যায়।
জার্মানি, ফ্রান্স এবং স্পেনের প্রধান প্রধান সূচকগুলো পতনের মধ্য দিয়েই তাদের সপ্তাহের লেনদেন শেষ করে। এছাড়া যুক্তরাজ্যের লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রধান কোম্পানিগুলোর সূচক ‘এফটিএসই ১০০’ পতন দেখেছে ১ দশমিক ০১ শতাংশ।









