নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে রুহুল আমিন নামে এক ব্যক্তিকে হাতুড়ি ও কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে হত্যার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫ ও এসআরবি-১২-এর যৌথ অভিযানিক দল। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার বরিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. স্বাধীন (২০)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. শাহিনও এ মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ এই তথ্য জানিয়েছে।মানচিত্র দেখুন

এসআরবি জানায়, গত ১৬ অক্টোবর বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে বিরোধের জেরে রুহুল আমিন নামের এক ব্যক্তিকে হাতুড়ি ও কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করেন স্বাধীন ও তাঁর বাবা শাহিন। এতে রুহুল আমিন নিহত হন। এ ঘটনায় ১৯ অক্টোবর পুঠিয়া থানায় হত্যা মামলা করা হয়।
ঘটনার পর থেকে স্বাধীন ও তাঁর বাবা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানি ও এসআরবি-১২-এর কুষ্টিয়া সিপিসি-১-এর যৌথ অভিযানিক দল কুষ্টিয়া সদর উপজেলার ৪ নম্বর বটতলা ইউনিয়নের বরিয়া গ্রামে আসাদুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে স্বাধীনকে গ্রেপ্তার করে।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









