রাজশাহী

রাজশাহীতে ট্রাকভর্তি যন্ত্রাংশ সরানোর চেষ্টা, ৫ লাখ টাকার মালামাল জব্দ

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর বিসিক শিল্পনগরীর সপুরায় অবস্থিত নর্থ বেঙ্গল ফেব্রিক্স প্রাইভেট লিমিটেডের অব্যবহৃত যন্ত্রাংশ ট্রাকে করে সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের খবরের ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকভর্তি লোহা ও বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ জব্দ করে। এসব যন্ত্রাংশের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটিতে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মো. মামুন অর রশিদ চৌধুরীর দাবি, কারখানার অংশীদার জি এম ফুয়াদের মা নাজমুন এবং প্রতিষ্ঠানের দীর্ঘদিনের কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি একটি ট্রাক নিয়ে কারখানায় আসেন। পরে তাঁরা কারখানার অব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ট্রাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকভর্তি লোহা ও মেশিনের যন্ত্রাংশ জব্দ করে।

কারখানার সম্পত্তি ও যন্ত্রাংশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বলেও অভিযোগ করেছেন মামুন অর রশিদ চৌধুরী।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করা হচ্ছে এবং তাঁকে মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত নাজমুনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বিভিন্ন ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের কোণঠাসা করে রাখার চেষ্টা করা হচ্ছে। প্রকৃত দলিল ও যাবতীয় কাগজপত্র আমাদের কাছে রয়েছে। অথচ আমার একমাত্র ছেলের মাধ্যমে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।”

এ বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, নর্থ বেঙ্গল ফেব্রিক্স প্রাইভেট লিমিটেডের অব্যবহৃত যন্ত্রাংশ ট্রাকে করে সরিয়ে নেওয়ার ঘটনায় ট্রাক ও মালামাল জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দুই পক্ষের মধ্যে সিদ্ধান্ত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।