সিল্কসিটিনিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে সকালে সহযাত্রী সাঁতারুদের সাথে সাগরে নামার সময় হাঙরের আক্রমণে ৬৫ বছর বয়সী জেনিন লকরেনবার্গ নামের এক নারী নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং সতর্কতা হিসেবে নিকটবর্তী দুটি সৈকত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পিপল ডট কম জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে কুগোম্পোর ওরিয়েন্ট সৈকতে সাঁতার কাটার সময় এই হামলার ঘটনা ঘটে। জেনিনের চিৎকার শুনে তার সঙ্গে থাকা সাঁতারু দল দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় তীরে তুলে আনে। ঘটনাস্থলেই একজন চিকিৎসক তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় এবং তাকে মৃত ঘোষণা করা হয়।

হাঙরের এই হামলার পর বাফেলো সিটি মেট্রোপলিটন পৌরসভা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওরিয়েন্ট বিচ এবং এর পাশের ইস্টার্ন বিচ বন্ধ ঘোষণা করেছে।
পাশাপাশি উপকূলের অন্যান্য স্থানেও পর্যটক ও সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পৌরসভার রেকর্ড অনুযায়ী, এর আগে ১৯৯৭ সালের দিকে এই শহরে হাঙরের আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছিল।
নিহত জেনিন লকরেনবার্গ একজন দক্ষ ও নিয়মিত সাঁতারু ছিলেন। এ ছাড়া তিনি ‘ভিভা মিউজিকা এনসেম্বল’-এর একজন ভায়োলা বাদক ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাঁতারু সম্প্রদায় ও তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।









