আন্তর্জাতিক

প্রার্থনার সময় যাজকের ওপর ভেঙে পড়ল বিশাল ক্রুশ

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইকুয়েডরে গির্জায় প্রার্থনা পরিচালনার সময় বিশাল একটি ক্রুশ ভেঙে পড়ে এক ক্যাথলিক যাজকের মৃত্যু হয়েছে। দেশটির গুয়ায়াকিল শহরের নুয়েস্ত্রা সেনোরা দেল পেরপেতুয়ো সোকোরো গির্জায় এ ঘটনা ঘটে।

ওই সময় প্রার্থনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বলে জানা গেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নিহত যাজকের নাম পাত্রিসিও আলফ্রেদো সানচেজ মোলিনারি। তিনি ওই গির্জার ধর্মযাজক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি কংগ্রেগেশন অব দ্য মোস্ট হলি রিডিমারের সদস্য ছিলেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বেদির সামনে দাঁড়িয়ে প্রার্থনা পরিচালনা করছিলেন যাজক সানচেজ মোলিনারি। তার পেছনের দেয়ালে স্থাপিত বিশাল ক্রুশটি হঠাৎ খুলে তার ওপর আছড়ে পড়ে।

আঘাতের পর তাকে আর দৃশ্যমান দেখা যায়নি।

পরে ক্রুশটি বেদির ওপর পড়ে থাকতে দেখা যায়।
রবিবার গুয়ায়াকিলের আর্চডায়োসিস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে যাজকের মৃত্যুর খবর নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রিয় ফাদার পাত্রিসিও আলফ্রেদো সানচেজ মোলিনারি সেন্ট্রাল ভিকারিয়েটের আওতাধীন আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প গির্জার যাজক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রভুর সান্নিধ্য ও মহিমা লাভের জন্য পিতার ঘরে চলে গেছেন।’

তার আত্মার শান্তি কামনা করে বিবৃতির শেষে প্রার্থনা করা হয়।