জাতীয়

প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পরকীয়া অভিযোগে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামে।

গতকাল রবিবার সন্ধ্যায় নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।

নির্যাতনের শিকার নারী রিক্তা বেগম (২৮) বেপারীডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী রাজিব বেপারীর স্ত্রী। বাবার বাড়ি সদরপুর উপজেলার পাশের ভাষাণচর ইউনিয়নের কারীরহাট গ্রামে।

স্থানীয় সূত্রে, নির্যাতনে জড়িত সুমন হোসেন (২৬) ও জয় হোসেন (২৮) নামে দুই যুবকের নাম এসেছে। সুমন স্থানীয় বাসিন্দা ইউসুফ বেপারীর নাতি বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৮ সেকেন্ডের প্রথম ভিডিওতে দেখা যায়, এক গৃহবধূকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। কালো টি-শার্ট পরা এক যুবক তার হাত ধরে রেখেছেন।

আরেক যুবক ধারালো কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দিচ্ছেন। এ ছাড়া তাকে মারধর করতেও দেখা যায়।
অন্যদিকে, ১ মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে রাতে ওই নারী ও এক যুবককে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখার দৃশ্য দেখা যায়। ওই সময়ও গৃহবধূকে মারধর করতে দেখা গেছে। ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন রিক্তা বেগম। ওই রাতেই তার কক্ষে এক যুবককে দেখতে পান পরিবারের সদস্যরা। তাদের দুজনকে আটক করে স্থানীয়রা। পরদিন রবিবার বিকেলে ওই গৃহবধূর চুল কেটে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া আটক যুবককে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনা খতিয়ে দেখতে পুলিশ অভিযানে নেমেছে জানিয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। কেউ অপরাধ করলে তার বিচারের জন্য আইন রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য নয়।

সোমবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনিও সংশ্লিষ্ট এলাকায় অভিযানে রয়েছেন বলে জানান তিনি।