রাজশাহী

রাজশাহীতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সৃজনশীলতার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট পদার্থবিদ ও গবেষক প্রফেসর ড. সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ পরিবেশন ও উদ্বোধনী বক্তব্য অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য দেন মাদরাসার রাজশাহী শাখার ব্রাঞ্চ ইনচার্জ মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সবক ও নসিহাহ পেশ করেন কাশফুল কুরআন একাডেমি, রাজশাহীর পরিচালক হাফেয মাওলানা মো. হাসান মামুন। এ সময় হিফয সম্পন্নকারী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মেধাতালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ ছাড়া ইসলামী সংগীত, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ইংরেজি বক্তৃতা, কোরআন তিলাওয়াত, ক্রীড়া প্রতিযোগিতা এবং পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দেরও পুরস্কার দেওয়া হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ, সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে জীবন গড়ার আহ্বান জানান। তাঁরা বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা।

তাঁরা আরও বলেন, ব্যক্তিগত জীবনে ইসলামের শিক্ষা ধারণ করার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একটি নৈতিক ও সমৃদ্ধ সমাজ গঠনে আদর্শ শিক্ষার্থী তৈরির ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্ব রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, অধ্যবসায় ও ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা দলীয় সংগীত, কোরআন তিলাওয়াত, আবৃত্তি এবং বাংলা, ইংরেজি ও আরবি বক্তব্য পরিবেশন করে। তাদের পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. আতোয়ার রহমান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. আতাউল্ল্যাহ এবং সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতির বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল। পরে ফাউন্ডেশনের পরিচালক হাবিবুল্লাহ মুহাম্মদ আল আমিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।