রাজশাহী

রামেবির ভিসি ও পিএসকে মারধরের অভিযোগে মামলা

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আরএমইউ) উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হক ও তাঁর ব্যক্তিগত সচিবকে (পিএস) মারধর এবং জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার একদল বিএনপির নেতাকর্মী তাঁদের পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাতের দিকে উপাচার্যের ব্যক্তিগত সচিব নাজমুল হোসেন রাজপাড়া থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কালাম আজাদ।

তিনি বলেন, এ ঘটনায় আব্দুস সালাম (৫৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার সকালে বিএনপি, জাতীয়তাবাদী কৃষক দল ও জাতীয়তাবাদী তাঁতী দলের একদল নেতাকর্মী আরএমইউ উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তাঁরা উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হক ও তাঁর ব্যক্তিগত সচিব নাজমুল হোসেনকে মারধর করেন এবং তাঁদের পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, ওই দলটি উপাচার্যের মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যায়। এ ছাড়া সিসিটিভি, ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগব্যবস্থার সংযোগ বিচ্ছিন্ন করে এবং কয়েকটি কক্ষে তালা লাগিয়ে কার্যালয় ত্যাগ করে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ ও নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে এ ঘটনা ঘটে।