নিজস্ব প্রতিবেদক:
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে র্যালিতে প্রবীণ ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন কারিতাসের রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আরপটুপ্পু।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, প্রবীণদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই তাঁদের অবহেলা না করে মতামত ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রবীণ শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যার মুখোমুখি হন। তাঁদের চিকিৎসা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রবীণবান্ধব পরিবেশ তৈরি এবং তাঁদের সামাজিকভাবে সক্রিয় রাখার উদ্যোগ জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।









