সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

পাশাপাশি শায়িত মেঘনায় ট্রলারডুবিতে নিহত তিন ভাই-বোন

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
পাশাপাশি শায়িত মেঘনায় ট্রলারডুবিতে নিহত তিন ভাই-বোন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ।নিহতরা হলেন উপজেলার শ্রীমদ্দি গ্রামের নিখোঁজ হেলাল উদ্দিনের বড় ছেলে সজিব (২২), মেয়ে সামিয়া (১৮) ও ছোট ছেলে শামীম (৬)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার শ্রীমদ্দি গ্রামে।

শনিবার দুপুর ১২টার দিকে নিহত তিনজনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে আনা হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পরে স্থানীয় মাঠে জানাজা শেষে চরেরগাঁও কবরস্থানে পাশাপাশি তিনজনকে দাফন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবিনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, উদ্ধার হওয়া তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার পর দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

তার সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার হোমনা থেকে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানার সংলগ্ন নদীতে প্রবল স্রোতের মধ্যে ট্রলারটি উল্টে যায়। মুহূর্তেই নদীতে তলিয়ে যান যাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এবং নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে নদীর তলদেশ থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার দিন রায়েশা বেগম (৫৫) নামে আরো এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হেলাল উদ্দিন নামে আরো একজন এখনো নিখোঁজ রয়েছেন।