নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলার বড়গাছী বাজারে অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫ সদস্যরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসআরবি এ তথ্য জানায়।
গ্রেপ্তাররা হলেন- বড়গাছী পূূর্বপাড়ার সালাম মণ্ডলের ছেলে রাসেল আলী (২৪), বড়গাছী কারিগরপাড়ার মৃত মোসলেম আলীর ছেলে মো. দুলাল (৫০), এবং একই এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে সিরাজ আহমেদ (২০)।

এসআরবি জানায়- বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পবার বড়গাছী বাজার এলাকার বড়গাছী শেখপাড়া গ্রামের বাসিন্দা মো. রাসেল আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬১ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
স/রা/আ









