রাজশাহী

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ৩ হাজার বীজ বপন

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন করা হয়েছে। স্থানীয় যুবসমাজকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বড়গাছী ইউনিয়নের বড়গাছী গ্রামের বিভিন্ন রাস্তার পাশের খোলা জায়গায় বড়গাছী কৃষক ঐক্য সংগঠন, বড়গাছী নারী উন্নয়ন সংগঠন, গ্রীন কোয়ালিশন ও বারসিক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে গ্রীন কোয়ালিশন ও বারসিকের প্রতিনিধিসহ স্থানীয় জনগণ, কৃষক, যুবসমাজ ও পরিবেশপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আয়োজকেরা জানান, তালগাছ বাংলাদেশের গ্রামীণ পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। মাটির ক্ষয় রোধ, পরিবেশ শীতল রাখা এবং পাখিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল তৈরিতে তালগাছ ভূমিকা রাখে। পাশাপাশি তাল থেকে খাদ্য ও বিভিন্ন উপকরণ পাওয়া যায়। তাই তালগাছের সংখ্যা বাড়ানোর মাধ্যমে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

পবা উপজেলার গ্রীন কোয়ালিশনের সভাপতি মোসা. রহিমা বেগম বলেন, ‘তালগাছ আমাদের গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আগের তুলনায় এখন অনেক জায়গায় তালগাছ কমে যাচ্ছে। তাই নতুন করে তাল বীজ রোপণ করা হলে ভবিষ্যতে অনেক তালগাছ গড়ে উঠবে এবং আমাদের পরিবেশ আরও সুন্দর ও সবুজ হবে।’

বড়গাছী কৃষক ঐক্য সংগঠনের সভাপতি মো. আব্দুল জাব্বার বলেন, ‘তাল বীজ রোপণ শুধু একটি গাছ লাগানোর কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ তৈরির উদ্যোগ। রাস্তার পাশে ও অনাবাদি জায়গায় পরিকল্পিতভাবে তাল বীজ রোপণ করলে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে ভবিষ্যতে তাল থেকে মানুষ উপকার পাবে। এ ধরনের উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে।’

কৃষক মো. রাইহান আলী জুয়েল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাল বীজ বপন কর্মসূচির মাধ্যমে মানুষকে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণে সচেতন করা হচ্ছে। শুধু বীজ রোপণ করলেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি বীজকে বড় গাছে পরিণত করার দায়িত্বও আমাদের নিতে হবে।’

বারসিকের কর্মসূচি কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বারসিক বরেন্দ্র অঞ্চলে ১০ লাখ বীজ ও চারা রোপণের কর্মসূচি পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বড়গাছীতে ১ হাজার তাল বীজ ও ২ হাজার দেবদারু বীজ বপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, তাল বীজ বপনের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে তালগাছের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।