সিল্কসিটিনিউজ ডেস্ক:
গোপালগঞ্জের কাশিয়ানীতে তেলবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে মো. রাসেল শেখ (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়নগর-কাশিয়ানী সড়কের হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাসোনিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি নসিমন তেল বোঝাই করে জয় নগর থেকে কাশিয়ানীর দিকে যাচ্ছিল। দুপুরে নসিমনটি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।
এ সময় নসিমনটি রাস্তার খাদে পড়ে যায়। এতে চালক রাসেল শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










