রাজশাহী

লালপুরে প্রবাসী সেজে প্রতারণা: ৩ সাইবার অপরাধী গ্রেফতার

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নারী সেজে প্রেমের ফাঁদ পেতে প্রবাসীদের ইমো, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক আইডি হ্যাক করে পরিবারের সাথে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে  লালপুর থানা পুলিশ। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেলে লালপুরের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মোহরকয়া গ্রামের মোঃ কাউসার আলী (২০), মোঃ সোহাগ আলী (২৩) এবং মোঃ ইমন আলী (১৯)। অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, এই চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সাথে সম্পর্ক গড়ে তুলতো। এরপর আইডি হ্যাক করে প্রবাসী সেজে তাদের পরিবারকে ফোন দিয়ে “আকামার মেয়াদ শেষ, দ্রুত টাকা না দিলে বড় সমস্যা হবে” বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। স্বজনরা সত্যতা যাচাই না করেই প্রতারকদের দেওয়া নম্বরে টাকা পাঠিয়ে দিতেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম  জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।