নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো রাজশাহী তায়কোয়ানডো একাডেমির বেল্ট প্রদান অনুষ্ঠান।
প্রশিক্ষণ শেষে বিভিন্ন ধাপে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের আনুষ্ঠানিকভাবে বেল্ট প্রদান করা হয়। এসময় প্রশিক্ষণার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

এই সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, তায়কোয়ানডো শুধু একটি আত্মরক্ষামূলক ক্রীড়া নয়, এটি একজন মানুষের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, ধৈর্য ও দায়িত্ববোধ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, বেল্ট অর্জন করাই শেষ লক্ষ্য নয়; বরং নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি তায়কোয়ানডোর মূল শিক্ষা ও মূল্যবোধ জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
পরে অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন পর্যায়ে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে বেল্ট তুলে দেন। বেল্ট পাওয়ার পর প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা যায়। অনেক অভিভাবকও তাদের সন্তানদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেন।
এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানী সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সংযুক্ত কর্মকর্তা মোবারক করিম এবং সাবেক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণার্থী, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রাজশাহীতে তায়কোয়ানডোকে আরও জনপ্রিয় করা এবং নতুন প্রজন্মকে নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে একাডেমির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









