বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় স্বামী ও দুই বছরের সন্তান রেখে গর্ভবাতী জয়নব আক্তার বিউটি (২৩) নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় বাগমারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। নিখোঁজের পাঁচ দিনেও উদ্ধার হয়নি গৃহবধূ। এদিকে দুই বছরের এক ছেলে সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন বাবা। মায়ের জন্য প্রতিনিয়ত কান্নাকাটি করছে ছোট্ট এই শিশু।
জিডি সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বাগমারা থানার মাড়িয়া ইউনিয়নের পিদ্দপাড়া গ্রামের নিজ স্বামীর বাসা থেকে জয়নব আক্তার বিউটি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বিউটি ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার জয়নাল আবেদীনের মেয়ে।

প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে পিদ্দপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে জুয়েল রানার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি সন্তান রয়েছে। বর্তমানে জয়নবের গর্ভে আরও একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন তার স্বামী।
পরিবারের অভিযোগ, একই এলাকার লতিফের ছেলে শামীমের সঙ্গে জয়নবের দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল। এ নিয়ে স্বামী তাকে নিষেধ করলে পারিবারিকভাবে দ্বন্দ্ব দেখা দিত। সর্বশেষ শামীমের সঙ্গে কথিত পরকীয়ার সম্পর্কের জেরেই তিনি স্বামীর বাসা থেকে নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন জুয়েল রানা।
জুয়েল রানা বলেন, শামীমের সঙ্গে আগে থেকেই তার যোগাযোগ ছিল। নিষেধ করলেই পারিবারিক দ্বন্দ্ব দেখা দিত। আমাদের সংসারে একটি সন্তান রয়েছে, আরেকটি সন্তান তার পেটে। স্বামী-সন্তানের কথা না ভেবে সে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে গেছে বলে আমি মনে করছি।
জয়নব আক্তার বিউটি বর্তমানে কোথায় রয়েছেন কিংবা তিনি স্বেচ্ছায় কোথাও গেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
এদিকে জয়নব আক্তার বিউটির পিতা জয়নাল আবেদীন বলেন, শুনেছি যে ছেলের সাথে গিয়েছে সে জামাইয়ের বন্ধু। এখন পর্যন্ত তাদের কোন খবর পাইনি। তাদের ফোন নাম্বারও নেই যোগাযোগ করার মত।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









