নওগাঁ

নওগাঁয় ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


নওগাঁয় ভূমি সেবা নিয়ে অসন্তোষের জেরে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই সেবাগ্রহীতা কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার লাশ আমি বিলের পানিতে ভাসিয়ে দেব’। একই সঙ্গে তিনি কর্মকর্তার চলাচলের ওপর নজর রাখার কথাও বলেন।

ভিডিওতে দেখা যায়, নামজারির নথি হাতে সাদা পাঞ্জাবি ও টুপি পরিহিত মোস্তাফিজুর রহমান নামে এক সেবাগ্রহীতা ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান।

ভিডিওতে মোস্তাফিজুর রহমানকে বলতে শোনা যায়, ‘কাগজপত্র না দেখে আপনি আমার খারিজ বাতিল করলেন কেনো? এর আগেও একবার বাতিল করেছিলেন। সেটা ফেরত আনতে লেগেছে ১৫ দিন।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তেজিত হয়ে মোস্তাফিজুর রহমান বলেন, সংশোধন করে নিয়ে আসবো, কিন্তু তার আগেই আপনি বাতিল করলেন কেন? আপনি কি খালি হাতে মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করেন? আমার ক্ষতি করে যেতে পারবেন? আপনার লাশ দিঘলীর বিলে ভাসিয়ে দেবো। সেটা চ্যালেঞ্জ করলাম। কীভাবে অফিস থেকে বাড়িতে যান সেটি দেখে নেবো।’

সরকারি অফিসে ঢুকে একজন কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, এটা হুমকি নয়, সবার সামনে বলছি। আমি এটা করে দেখাবো। এরপর আমার যা হবে হবে।

মোস্তাফিজুর রহমানের এসব অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম। এ সংক্রান্ত বিষয়ে কথা বলতে এসি ল্যান্ডের (সহকারী ভূমি কমিশনার) নিষেধ আছে বলেও জানান তিনি।

ওইদিন সহকারী ভূমি কর্মকর্তা ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। পরের দিন (১৯ আগস্ট) দুপুরে অফিসে গিয়ে দেখা করলে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘বিষয়টি আপস মীমাংসা করা হয়েছে। হুমকিদাতা ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে নওগাঁয় কর্মরত কয়েকজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলেন, ভূমি সেবা নিয়ে অসন্তোষ থাকলে অভিযুক্তের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করার সুযোগ ছিল। অথচ সেটি না করে প্রকাশ্যে সবার সামনে অফিসে ঢুকে আমাদের কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়ে গেল। এটা রফাদফা করার আইনগত সুযোগ এসি ল্যান্ডের নেই। ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, ভূমি অফিসে ঢুকে ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া কোনো ছোটখাটো বিষয় নয়। এই ধরনের ঘটনা আপস-মীমাংসার সুযোগ নেই। আগামী এক সপ্তাহের মধ্যে এসি ল্যান্ড আইনগত পদক্ষেপ না নিলে আমি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।

 

সূত্র: ঢাকা পোস্ট