পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় কীটনাশক বিক্রির লাইসেন্স নিয়ে অনুমোদন ছাড়াই সার বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়েছে। এ সময় একটি দোকান থেকে আট বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার পাঁচআনি রাজবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নির্দেশনায় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী ইফফাত তামান্না অভিযান পরিচালনা করেন।

অভিযানে দোকানটি থেকে এক বস্তা টিএসপি, চার বস্তা ইউরিয়া ও তিন বস্তা ডিএপি সার জব্দ করা হয়। কৃষি কর্মকর্তার ভাষ্য, দোকানটির কীটনাশক বিক্রির লাইসেন্স থাকলেও সার বিক্রির অনুমোদন ছিল না। এর পাশাপাশি কৃষকদের কাছে বেশি দামে খুচরা সার বিক্রির অভিযোগ পাওয়া যায়।
অভিযানের খবর পেয়ে স্থানীয় শতাধিক যুবক ও রাজনৈতিক নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। এ সময় পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ ও উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে বাজারে নজরদারি জোরদার করা হয়েছে। অনুমোদন ছাড়া সার বিক্রি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।









