সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

৩৭ বছর পর জানা গেল জন্মের পর বদলে গিয়েছিলেন তারা

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০২৬৪ মিনিট পড়া
৩৭ বছর পর জানা গেল জন্মের পর বদলে গিয়েছিলেন তারা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কখনো কখনো জীবনের সবচেয়ে বড় রহস্যের উত্তর লুকিয়ে থাকে একেবারে কাছেই। দক্ষিণ চীনের দুই নারী হুয়াং শিয়াওলিন ও লি হুইয়ের গল্পটা ঠিক তেমনই।

জন্মের পর ভুল করে একে অপরের পরিবারে চলে গিয়েছিলেন তারা। এরপর কেটে গেছে ৩৭ বছর। এই দীর্ঘ সময়ে দুজনই বড় হয়েছেন আলাদা পরিবারে। অথচ তাদের বাড়ির দূরত্ব ছিল মাত্র চার কিলোমিটার।

এই অবিশ্বাস্য সত্য সামনে আসে হুয়াং নিজের জন্মদাতা পরিবারের খোঁজ শুরু করার পর। তদন্তে জানা যায়, হাসপাতালের একটি ভুলই তাদের জীবনকে দুই ভিন্ন পথে নিয়ে গিয়েছিল। খবরটি প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
১৯৮৯ সালের অক্টোবর।

চীনের গুয়াংডং প্রদেশের ছিংইউয়ান পিপলস হাসপাতালে মাত্র ৫৫ মিনিটের ব্যবধানে জন্ম নেন হুয়াং শিয়াওলিন ও লি হুই। জন্মের পর নার্সরা অল্প সময়ের জন্য নবজাতক দুজনকে তাদের মায়েদের কাছে দেন। এরপর তাদের নিয়ে যাওয়া হয় নবজাতক কক্ষে। সেখানে দুই শিশুর পরনেই ছিল একই ধরনের হাসপাতালের পোশাক। সেই সময় প্রসূতি বিভাগে শিশুদের পরিচয় নিশ্চিত করতে হাতে পরানোর কোনো ফিতা ব্যবহার করা হতো না।

তবে প্রতিটি শিশুর কাপড়ের ভেতরে রাখা হতো নাম লেখা একটি কার্ড। কিভাবে সেই কার্ড বা পরিচয়ের ব্যবস্থায় ভুল হলো এবং দুই শিশু বদলে গেল, তা আজও পরিষ্কার নয়।
হুয়াং বড় হন সচ্ছল একটি পরিবারে। তার পালক বাবা-মা দুজনই সরকারি চাকরি করতেন। তবে ছোটবেলা থেকেই তার পালক বাবার মনে কিছু প্রশ্ন ছিল। তিনি খেয়াল করেন, হুয়াংয়ের রক্তের গ্রুপ তার সঙ্গে মেলে না। এমনকি চেহারাতেও মেয়েটির সঙ্গে তার খুব একটা মিল ছিল না। এতে তিনি সন্দেহ করতে শুরু করেন, তার স্ত্রী হয়তো বিবাহবহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়েছিলেন। হুয়াংয়ের বয়স যখন মাত্র পাঁচ বছর, তখন তার পালক বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি পালক মায়ের কাছেই বড় হতে থাকেন।

 

শৈশবের সেই সময়ের কথা বলতে গিয়ে হুয়াং জানান, পালক বাবার সঙ্গে তার সম্পর্ক কখনোই খুব একটা ঘনিষ্ঠ ছিল না। সেই দূরত্ব কমানোর চেষ্টাতেই ২০২২ সালে তিনি ডিএনএ পরীক্ষা করান। পরীক্ষার ফল হাতে আসার পর তার জীবনের সব হিসাব যেন নতুন করে বদলে যায়। তিনি জানতে পারেন, যাদের এত দিন নিজের বাবা-মা বলে জেনে এসেছেন, তাদের কেউই তার জন্মদাতা বাবা-মা নন।

এরপর শুরু হয় নিজের শিকড়ের সন্ধান। পুলিশের সহায়তায় গত বছরের এপ্রিলে হুয়াং তার জন্মদাতা খোঁজ পরিবারের পান। সেই অনুসন্ধানেই বেরিয়ে আসে আরো বড় সত্য। হাসপাতাল থেকে ভুল করে যে শিশুটিকে অন্য পরিবারে পাঠানো হয়েছিল, সেই নারীই লি হুই।

লি হুই বড় হয়েছেন একটি ছোট মুদি দোকান চালানো পরিবারে। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তার পালক বাবা একটি বিনিয়োগ প্রতারণায় পরিবারের জমানো টাকা হারান। এরপর সংসার চালাতে তার বাবা-মাকে বিভিন্ন ছোটখাটো কাজ করতে হয়। পরিবারের পাশে দাঁড়াতে একসময় মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে দেন লি। এরপর জীবিকার জন্য কখনো পর্যটক গাইড, কখনো হোটেলের অভ্যর্থনাকর্মী, আবার কখনো বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন। বছরের পর বছর দীর্ঘ সময় কাজ করতে হয়েছে তাকে। সঙ্গে ছিল অর্থকষ্ট। একসময় তার শরীরেও এর প্রভাব পড়ে। লি একটি রক্তের রোগে আক্রান্ত হন। পরে অস্ত্রোপচার করে তার থাইরয়েড গ্রন্থি অপসারণ করতে হয়।

 

অবশেষে সেই দিনও আসে, যেদিন প্রথমবার মুখোমুখি হন হুয়াং ও লি। একটি ক্যাফেতে তাদের দেখা হয়। ৩৭ বছর ধরে আলাদা জীবন কাটানো দুই নারী তখন প্রথমবার একে অপরের সামনে। সেই মুহূর্তকে দুজনই বর্ণনা করেছেন ‘উদ্বিগ্ন, রোমাঞ্চকর এবং কিছুটা অস্বস্তিকর’ হিসেবে। তবে লির জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল অন্য জায়গায়। তিনি জানতে পারেন, এত বছর ধরে তিনি তার জন্মদাতা বাবা-মায়ের কাছ থেকে মাত্র চার কিলোমিটার দূরে বসবাস করেছেন। একই শহরে, এত কাছে থেকেও তাদের দেখা হয়নি। আর এই সত্য জানার পর লির মনে প্রশ্ন জাগে—জীবনটা যদি অন্যভাবে শুরু হতো, তাহলে তার গল্পটা কেমন হতে পারত?

জীবনের এই বড় সত্য জানার পরও হুয়াং ও লি তাদের লালন-পালন করা পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেননি। দুজনই সেই পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলার পথ বেছে নিয়েছেন। লি বলেন, তার পালক মায়ের কোনো পেনশন নেই। এখনো তার সহায়তার ওপর নির্ভর করেন তিনি। অন্যদিকে, হুয়াংয়ের পালক মা অন্য পরিবারের জীবনে কোনো ধরনের সমস্যা তৈরি করতে চাননি। তাই জন্মের সত্য জানার পরও দুই নারী যেন নিজেদের দুই পরিবারকেই ধরে রাখার চেষ্টা করছেন—একটি পরিবার তাদের জন্ম দিয়েছে, আর অন্যটি তাদের বড় করেছে।

 

ঘটনার এত বছর পর হুয়াং ও লি হাসপাতালের কাছে নিজেদের জন্মের নথি চেয়েছিলেন। কিন্তু হাসপাতাল জানায়, সেই নথিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। হুয়াংকে আরো বলা হয়, ঘটনার সময় সেখানে কাজ করা কিছু কর্মী ইতিমধ্যে অবসর নিয়েছেন। অন্য কয়েকজন মারা গেছেন। ফলে ৩৭ বছর আগের সেই দিনের আসল ভুলটি কিভাবে ঘটেছিল, তার অনেক প্রশ্নের উত্তর হয়তো আর কখনোই জানা যাবে না।

তবে এত বছর পর অন্তত একটি সত্য সামনে এসেছে। জন্মের পর আলাদা হয়ে যাওয়া দুই নারী শেষ পর্যন্ত একে অপরকে খুঁজে পেয়েছেন। আর সেই সঙ্গে খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের হারিয়ে যাওয়া একটি অধ্যায়।