নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মেরাজের মোড় এলাকার কন্নাহারে ভাড়া বাসায় বসবাসকারী এক অসহায় পরিবারের শিশু শাফিন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের দাবি, শিশুটি নিউমোনিয়া, টাইফয়েডসহ একাধিক জটিল রোগে আক্রান্ত।
তার চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় ২ হাজার টাকা ব্যয় হচ্ছে, যা বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শাফিনের মায়ের বয়স মাত্র ১৭ বছর। শিশুটির বাবা মাদকাসক্ত হওয়ায় সংসারের দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে শিশুটির নানা রিকশা চালিয়ে এবং নানি মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছেন। পরিবারটির নিজের কোনো স্থায়ী বসতভিটা নেই বলেও জানা গেছে।
পরিবারের অভিযোগ : শিশুটির দাদা-দাদিও কোনো খোঁজখবর নিচ্ছেন না। ফলে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
অসহায় এই পরিবারটি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে শাফিনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে। তাদের আশা, সবার সামান্য সহায়তায় শিশুটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।









